২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পে পুড়েছে ২ শতাধিক ঘর, আগুন নিয়ন্ত্রণে

কক্সবাজারের উখিয়ার তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে আগুনের সূত্রপাত হয়।

রোহিঙ্গা ক্যাম্পে পুড়েছে ২ শতাধিক ঘর, আগুন নিয়ন্ত্রণে
শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2024, 03:46 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে দুই শতাধিক ঘর পুড়ে গেছে।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

পুলিশের ৮ এপিবিএন অধিনায়ক মো. আমির জাফর এসব তথ্য জানিয়ে বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে রামু থেকে আরও একটি ইউনিট এসে যোগ দেয়।  

আগুনে এনজিও সংস্থার কেন্দ্রসহ দুই শতাধিক ঘর পুড়ে গেছে; তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান আমির জাফর।

এর আগে ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছিল। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ভস্মীভূত হয় তিন শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা।