২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গৃহবধূর গলাকাটা লাশ, গ্রেপ্তার স্বামী

“পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই সুফিয়া ও আসমতের ঝগড়া হতো।”

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 03:39 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাগাতিপাড়া থানার ওসি মো. নান্নু খান জানান, শুক্রবার ভোরে উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ৪০ বছর বয়সী সুফিয়া বেগম ওই এলাকার আসমত আলীর স্ত্রী।

এ ঘটনায় আসমতকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই এলাকার আতাহার আলী মুন্নার ছেলে। 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই সুফিয়া ও আসমতের ঝগড়া হতো। সকালে আসমত তার ভাতিজা আনোয়ারের মোবাইলে ফোন করে তাকে তাদের বাড়িতে যেতে বলেন।

“এরপর আনোয়ার আসমতের বাড়িতে গিয়ে ঘরের মেঝেতে সুফিয়ার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”

এ ঘটনার পর থেকে মেয়েসহ পলাতক ছিল আসমত। পরে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।   

র‍্যাব-১২ সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওসমান গণি বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে আসমত আলীকে সিরাজগঞ্জের হাটিকুমরুলের সিল্কসিটি রেস্তোরাঁর সামনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে গ্রেপ্তার করা হয়।”

এ সময় আসমতের চার বছরের মেয়েকেও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

গণি বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তারাই তাকে এবং তার মেয়েকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করবেন।

এদিকে সুফিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে জানিয়ে ওসি নান্নু খান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।