২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে মামাকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে ভাগনে আটক

জমিজমা নিয়ে মামা-ভাগনের মধ্যে আদালতে মামলা আছে বলে জানান নিহতের ভাইয়ের ছেলে।

পিরোজপুরে মামাকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে ভাগনে আটক

নিহত খালেক হাওলাদারকে ঘিরে স্বজনদের আহাজারি

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 06:11 PM

Updated : 23 Oct 2022, 06:47 PM

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মামাকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে ভাগনেকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার সদর ইউনিয়ানের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক।

নিহত খালেক হাওলাদার (৬৫) উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের প্রয়াত হাচেন আলী হাওলাদারের ছেলে। খালেক হাওলাদার পশু চিকিৎসক ছিলেন।

তার ভাগনে মনজুরুল আকন (৪৫) সদর ইউনিয়ানে ভবানীপুর গ্রামের আ. সত্তার আকনের ছেলে।

নিহতের ভাইয়ের ছেলে বাচ্চু হাওলাদার জানান, জমিজমা নিয়ে মামা-ভাগনের মধ্যে আদালতে মামলা আছে। তার চাচা সকালে বাসা থেকে হাঁটতে বের হলে জোর করে একটি ইজিবাইকে তুলে বাড়ির পাশে একটি ডোবায় নিয়ে উপর্যপরি পানিতে চুবিয়ে তাকে হত্যা করেন মনজুরুল।

ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিশ্বজিৎ পাল জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় স্বজনরা হাসপাতালে আনেন।

ওসি এনামুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনজুরুলকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসাপাতাল মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।