২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে জমির বিরোধে চাচা-ভাতিজা খুন, মা-মেয়ে গ্রেপ্তার

পুলিশ বলছে, চাচার লোকজন প্রথমে ভাতিজাকে কুপিয়ে হত্যা করে। পরে ভাতিজার লোকজনের হামলায় নিহত হন চাচা।

পটুয়াখালীতে জমির বিরোধে চাচা-ভাতিজা খুন, মা-মেয়ে গ্রেপ্তার

বাউফল থানা

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 09:43 AM

Updated : 27 Dec 2023, 09:43 AM

জমি নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর বাউফলে পাল্টাপাল্টি হামলায় চাচা-ভাতিজা খুন হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের আতশখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন জানান।

নিহতরা হলেন- ওইগ্রামের আমীর হোসেন মুন্সির ছেলে আলাউদ্দিন মুন্সি (৫৫) এবং খোরশেদ মুন্সির ছেলে সেলিম মুন্সি (৪৭)।

ওসি শোনিত কুমার গায়েন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলাউদ্দিন মুন্সির আপন ভাতিজা সেলিম মুন্সি। জমি-জমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে তারা খুন হয়েছেন।”

এ ঘটনায় উভয় পক্ষ দুটি হত্যা মামলা দায়ের করার পর আলাউদ্দিন মুন্সির স্ত্রী ফুলভানু (৫৫) ও মেয়ে মার্জিনাকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছে, তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আলাউদ্দিন ও সেলিমের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে মঙ্গলবার রাতে ফের দুই পক্ষের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে আলাউদ্দিন তার দুই ছেলেকে নিয়ে সেলিমের ওপর হামলা চালায়।

সেলিম আত্মরক্ষার জন্য পাশের একটি বসতঘরে আশ্রয় নিলে সেখানে গিয়ে আলাউদ্দিন ও তার লোকজন কুপিয়ে রক্তাক্ত করে সেলিম মুন্সিকে। তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সেলিম মুন্সির লোকজন পাল্টা হামলা চালায় আলাউদ্দিন মুন্সির ওপর। দুই পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে আলাউদ্দিনও নিহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান ওসি।