২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে জিংক ধানের ভিত্তি বীজ বিতরণ

১০০ কৃষকের মাঝে বিনামূল্যে চার কেজি করে পুষ্টিসমৃদ্ধ জিংক জাতের ব্রি ধান-১০২ ভিত্তি ধান বীজ বিতরণ করা হয়।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 06:08 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ঠাকুরগাঁওয়ে ১০০ কৃষককে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে জিংক ধানের ভিত্তি বীজ দেওয়া হয়েছে। 

শনিবার দুপুরে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের বাস্তবায়নে এবং ইএসডিওর আয়োজনে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ প্রদান ও বীজ বিতরণ করা হয়। 

লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মুক্তা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য দেন রহিমানপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল মো. আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মো. আবু তালহা শিশির।

এতে মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ শেষে ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে চার কেজি করে মোট ৪০০ কেজি পুষ্টিসমৃদ্ধ জিংক জাতের ব্রি ধান-১০২ ভিত্তি ধান বীজ বিতরণ করা হয়। 

ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল আশরাফুল আলম বলেন, রিএক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন, হারভেস্ট প্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাক গিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়াম এর মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মত বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে। 

তিনি বলেন, হারভেস্ট প্লাস বাংলাদেশে জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রন মসুরের সম্প্রসারণ এবং অভিযোজনে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমে ব্রি ধান ৭২ ও বিনা ধান ২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান ৭৪, ৮৪, ১০০ ও ১০২ ধানের ব্যাপক চাষাবাদ হচ্ছে।