জ্বালানি সংকট: রংপুরে তেলের জন্য ‘হাহাকার’, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা
চাহিদা বাড়লেও সেই অনুপাতে সরবরাহ বাড়ছে না বলে অভিযোগ পাম্প মালিকদের।
সারা দেশের ন্যায় রংপুরেও জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না গ্রাহকরা।
জেলা প্রশাসন হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজপত্র ছাড়া তেল না দেওয়ার নির্দেশ দিলেও মাঠ পর্যায়ে তা পুরোপুরি মানা হচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ। সেইসঙ্গে প্রতিদিন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা।
জ্বালানি বিপণন স্বাভাবিক রাখতে জেলার ৮৫টি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তারপরও দীর্ঘ লাইন ও তেল সংকটের চিত্রে তেমন পরিবর্তন আসেনি। গ্রাহকদের দাবি, ট্যাগ অফিসার নিয়োগের পরও লাইন কমেনি। এ ছাড়া অনেক পাম্পে তেলের সংকট রয়েছে।
তবে জ্বালানির চাহিদা বাড়লেও সেই অনুপাতে সরবরাহ বাড়ছে না বলে অভিযোগ পাম্প মালিক ও কর্মকর্তাদের।
মঙ্গলবার দুপুরে থেকে জেলার বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, শত শত মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ সারি অপেক্ষা করছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন অনেকে।
নগরের সাহেবগঞ্জ এলাকার রবিউর ইসলাম বলেন, মোটরসাইকেলে ১২ থেকে ১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরে কর্মস্থলে যান তিনি। সকাল ৮টায় একটি ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে প্রায় দেড় ঘণ্টা পর তেল পেয়েছেন।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আরিফুল ইসলাম বলেন, “তেল নিতে গিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা করেও পাইনি। বাধ্য হয়ে রিকশা ও ইজিবাইকে করে কাজ সারতে হচ্ছে। এভাবে প্রতিদিন সময় ও অর্থ নষ্ট হচ্ছে।”
বিআরটিএ থেকে জানা গেছে, রংপুরে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। প্রতিটি চালক তেল সংগ্রহে গড়ে এক ঘণ্টা সময় নষ্ট করতে হচ্ছে।
মেঘনা ডিপোর ইনচার্জ জাকির হোসেন পাটোয়ারী বলেন, “আগে পাম্পগুলো সপ্তাহে দুবার পেট্রোল-অকটেন নিত। এখন প্রতিদিনই চাহিদা আসছে কিন্তু সেই অনুপাতে সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না।”
পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকার কথা জানিয়ে রংপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, সঠিকভাবে যাতে সবাই তেল পায়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধ মজুদদারে বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা বলেছেন তিনি।
‘ফুয়েল কার্ড’ করার বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, সরকারিভাবে এ ধরনের কোনো নীতিমালা নেই। তবে যেসব জেলা করিয়েছে, সেটা তাদের নিজস্ব এখতিয়ার।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, জ্বালানি বিপণন পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার ৮৫টি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রতিদিন তেল বিক্রির কার্যক্রম তদারকি করছেন।
