কেন্দ্রে ভোটার উপস্থিতির দায়িত্ব প্রার্থীদের: ইসি আহসান হাবিব
সবার সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার।
কেন্দ্রে ভোটার উপস্থিত করানোর দায়িত্ব প্রার্থীদের বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।
তিনি বলেছেন, “সকলের সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দেব। সুষ্ঠু নির্বাচন ও ভোটগ্রহণের দায়িত্ব নির্বাচন কমিশন ও প্রশাসনের।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে ইসি হাবিব বলেন, “প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবেন। এখানে দুষ্কৃতিকারীদের কোনো ছাড় নেই। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।”
মাগুরার জেলা প্রশাসক আবু নাসের বেগের সভাপতিত্বে সভায় ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ও পুলিশ সুপার আজিমুল আহসান, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক ও পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান, মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজাসহ তিন জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ওসিসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
