‘সংখ্যালঘু’ শব্দটা মুছে ফেলতে হবে: ধর্মপ্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে।
ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, “অনেকে নিজেদের ‘সংখ্যালঘু’ ভাবেন; তাই এ শব্দটা মুছে ফেলতে হবে।”
বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা সবাই বাংলাদেশি ও বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ। আমাদের ভেতরে ভেদা-ভেদের কোনো প্রশ্ন আসতে পারে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, বাঙালি হিসেবে থাকতে চাই।”
এদেশে বসবাসের জন্য সবার সমঅধিকার আছে মন্তব্য করে তিনি বলেন, “এ অধিকার আদায়ে আমরা সচেষ্ট থাকব। বাঙালি হিসেবেই আমরা যার যার অধিকার নিয়ে বসবাস করতে চাই। এটাই হল আমাদের থিউরি।”
সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ফরিদুল হক খান বলেন, “মোবাইলে স্ট্যাটাস দেওয়ার সময় অবশ্যই সবাইকে সজাগ থাকতে হবে। এমন কোনো স্ট্যাটাস দেওয়া যাবে না যাতে সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোনো ধরনের আঘাত আসে।”
সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবদুল্লাহ আল শাহীন।
ধর্মপ্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ আজকে পা ফেলেছে; ২০৪১ সালে এটা উন্নয়নশীল দেশের সঙ্গে শামিল হবে। এ সম্বন্ধে কিন্তু অনেকের ধারণা অস্পষ্ট। অনেকে মনে করেন, কী করে এটা সম্ভব যে দেশ আমেরিকার মত হবে, রাশিয়ার মত, সুইজারল্যান্ডের মত হবে। কিন্তু এটা সম্ভব।”
তিনি বলেন, “আমাদের ১০টি মেগা প্রকল্প আছে। আজকে এক পদ্মা সেতু থেকে আমাদের পার ডে ইনকাম হল ৩ কোটি টাকার উপরে। এতে বছরে যে অংক দাঁড়ায়, এক সময় আমাদের দেশের বাজেটও এত টাকা ছিল না। এবার চালু হয়েছে মেট্রোরেল। এখানকার আয় থেকে আমাদের জিডিপির ২ ভাগ বেড়ে যাবে। ঠিক তেমনি চট্টগ্রামের কর্ণফুলি টানেলটি যখন চালু হবে তখন চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে দূরত্ব কমে যাবে প্রায় অর্ধেক। এতে জ্বালানী খরচ অর্ধেক কমে যাবে; সময়ও লাগবে অর্ধেক। বাকি অর্ধেক সময় মানুষ অন্য কাজে লাগাতে পারবে। এ ছাড়া টানেল ব্যবহারকারীদের কাছ থেকে নেওয়া ট্যাক্স এর সঙ্গে যোগ হবে। আরও সাতটি মেগা প্রকল্প যখন হয়ে যাবে তখন আমাদের জিডিপির হার বেড়ে যাবে বর্তমান সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “দেশ যখনই এগিয়ে যায়, তখনই এক শ্রেণির মানুষ ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে।”
রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এমএ বারী, অধ্যক্ষ এবিএম ইসমাইল হোসেন মিয়া, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোরশেদ খান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, ভাওয়াল মির্জাপুর কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল হোসেন, জেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী, গাজীপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মো. আকতার হোসেন বক্তব্য দেন।
