০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মুস্তাফিজের জন্য বিগ ব্যাশে মেলবোর্নের গ্যালারিতে থাকছে ‘দা ফিজ বে’

এবারের বিগ ব্যাশে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে একটি অংশ থাকছে মুস্তাফিজের নামে, যেখানে ফ্যামিলি টিকেটে থাকবে বিশেষ ছাড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 12:52 PM

Updated : 04 Nov 2026, 12:52 PM

“বিশ্বের সেরা টি-টোয়েন্টি পেসারদের একজনকে আমাদের সঙ্গে পেয়ে আমরা সত্যিই খুব উচ্ছ্বসিত”, মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার রোমাঞ্চটা এভাবেই তুলে ধরলেন ম্যাক্স অ্যাবট। বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের মহাব্যবস্থাপক এরপরই দিলেন চমকপ্রদ এক ঘোষণা। বাংলাদেশের এই পেসারকে ঘিরে উন্মাদনার জন্য ক্রিকেট বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভেন্যুগুলোর একটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) গ্যালারিতে এবারের বিগ ব্যাশে থাকবে ‘দা ফিজ বে।’

রেনেগেডসের ঘরের মাঠ ছিল আগে মারভেল স্টেডিয়াম। তবে সেই মাঠের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক চুকিয়ে এবার থেকে এমসিজিকেই ঘরের মাঠ হিসেবে বেছে নিয়েছে রেনেগেডস। ১ লাখের বেশি দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামেই এবার বিগ ব্যাশে গ্যালারির একটি অংশ থাকছে মুস্তাফিজের সমর্থকদের জন্য।

বিসিবি সভাপতি তামিম ইকবাল কিছুদিন আগেই জানিয়েছিলেন, এবারের বিগ ব্যাশে রেনেগেডসের হয়ে খেলবেন মুস্তাফিজ। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এলো মঙ্গলবার। পরে অনলাইন সংবাদ সম্মেলনে রেনগেডসের মহাব্যবস্থাপক অ্যাবট জানান গ্যালারিতে ওই বিশে কর্নারের কথা।

“বিশ্বের সেরা টি-টোয়েন্টি পেসারদের একজনকে আমাদের সঙ্গে পেয়ে আমরা সত্যিই খুব উচ্ছ্বসিত। এর অংশ হিসেবে, এমসিজিতে আমরা একটি বিশেষ ‘বে’ চালু করতে যাচ্ছি, যেটির হবে ‘বে অফ ফিজ’, বা বলা ভালো ‘ফিজ বে’। সেই ‘বে’-এর প্রথম ২০০টি স্পটে আমরা ফ্যামিলি টিকেটে ৫০ শতাংশ ছাড় দেব, যাতে পরিবারগুলো একসঙ্গে মাঠে আসতে উৎসাহিত হয়।

“এখানে যারা থাকেন বা মেলবোর্নে ভ্রমণরত বাংলাদেশি সম্প্রদায়ের জন্য এমসিজিতে একটি আলাদা জায়গা পাওয়াটা দারুণ ব্যাপার হবে, যেখানে তারা বিশ্বের সেরা টি-টোয়েন্টি পেসাদের একজনের খেলা একসঙ্গে মাঠে এসে উদযাপন করতে পারবে।”

আগামী ১ জানুয়ারি সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচে ও ১৬ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ডার্বি ম্যাচের গ্যালারিতে থাকবে এই ‘দা ফিজ বে।’ 'FIZZBAY' প্রোমো কোড ব্যবহার করে টিকেটে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

২০১৪-১৫ বিগ ব্যাশে রেনেগেডসের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। সাকিবের পর ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের দুনিয়ায় বাংলাদেশের উজ্জ্বলতম প্রতিনিধি মুস্তাফিজই। তবে বিগ ব্যাশে আগে পা পড়েনি তার। বিপিএল ছাড়াও আইপিএল, টি-টোয়েন্টি ব্লাস্ট, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও এলপিএল খেলার পর এবার স্লোয়ার ও কাটারের দক্ষতা দেখাবেন তিনি অস্ট্রেলিয়ার লিগে।

বিগ ব্যাশে নাম লিখিয়ে মুস্তাফিজের উচ্ছ্বাসের কথাও জানা গেল রেনেগেডসের বিবৃতিতে।

“মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো বিবিএল খেলার জন্য আমি মুখিয়ে আছি। এমসিজিতে খেলাটা বিশে কিছু হবে এবং আমি আমার সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলে অবদান রাখার জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষায়।”

রেনেগেডসের প্রধান কোচ লুক রনকি বলেন, মুস্তাফিজুরের অভিজ্ঞতা এবং উইকেট নেওয়ার ক্ষমতা স্কোয়াডের জন্য একটি মূল্যবান সংযোজন হবে। মহাব্যবস্থাপক অ্যাবট জানালেন কীভাবে এবং কেন তারা মুস্তাফিজকে দলে নিতে আগ্রহী হলেন।

“শুরু থেকেই সে আমাদের সংক্ষিপ্ত তালিকায় ছিল। তবে ব্যাপারটি আরও ত্বরান্বিত হয় জেসন বেহেরনডর্ফ চোটের গোটা মৌসুমের জন্য ছিটকে পড়ায়। বাঁহাতি পেসারের ওই স্কিলসেটের একজনকে আমাদের প্রয়োজন ছিল এবং সেখানে সে (মুস্তাফিজ) আমাদের আগ্রহের চূড়ায় ছিল।

“এছাড়াও আমরা একজন ডেথ বোলার খুঁজছিলাম। আমরা জানি, এই ভূমিকায় মুস্তাফিজের চেয়ে ভালো আর কেউ নেই। আমাদের অ্যানালিস্টদের কাছ থেকে ও অন্যান্য তথ্য যা আছে, তাতে এটাই প্রমাণিত হয় যে ইনিংসের শেষ দিকে বোলিং করার জন্য তার চেয়ে ভালো আর কেউ নেই।”

অ্যাবট জানান, কিছুদিন আগে যখন খবর ছড়িয়ে পড়ল যে, মুস্তাফিজকে দলে নিচ্ছে রেনেগেডস, তখন থেকেই উন্মাদনার ছোঁয়া তারা দেখতে পাচ্ছেন।

“আপনারা অনেকেই হয়তো জানেন যে, গত সপ্তাহে কিছু খবর এসেছিল যে, সে আমাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন। তখন থেকেই আমরা সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে লোকের আগ্রহ দেখতে পেয়েছিলাম এবং তা এখানকার ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিল। তাকে ঘিরে আগ্রহ অনেক।

“যেহেতু এটা বিগ ব্যাশে তার প্রথমবার… অস্ট্রেলিয়ান ভক্তরা এমনিতেও মুস্তাফিজের সঙ্গে বেশ পরিচিত। তিনি তো বেশ কয়েক বছর ধরে বিশ্বকাপে খেলছেন। ‘ফিজ’ নামে আমরা সবাই তাকে যে আদরের ডাকনামে চিনি, তাতে আমার মনে হয় এখানকার কমিউনিটির মধ্যে অনেক উত্তেজনা থাকবে। শুধু তার পরিচিতির কারণেই নয়, বরং তার যে দক্ষতাগুলো রয়েছে, যা তার একারই নিজস্ব। তার স্লোয়ার বল এবং ডেথ ওভারে তার এমন দক্ষতা আছে, যা আর কারও নেই। তার খেলা দেখার আগ্রহ তাই সবারই থাকবে।”

গত বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেছে রিশাদ। তিনি দারুণ পারফর্ম করেছেন। সব মাঠেই তার সমর্থনে ভিড় করেছেন প্রবাসি বাংলাদেশি দর্শকদের অনেকে। এই লেগ স্পিনারকে আবার দলে নিয়েছে হোবার্ট। মুস্তাফিজকে ঘিরেও সমর্থনের জোয়ার থাকবে বলে আশা অ্যাবটের।

“এমসিজিতে ঘরের মাঠের দর্শক এবং এখানকার কমিউনিটির সমর্থনে… আমরা জানি সিডনি এবং মেলবোর্নে বেশ বড় বাংলাদেশি কমিউনিটি রয়েছে। তাই আমি নিশ্চিত যে, আমরা যখন সিডনিতে খেলতে যাব, সেখানেও সে দারুণ সমর্থন পাবে। আর এখানে মেলবোর্নে, আগেই বললাম, আমরা একটি বিশেষ ‘বে’ চালু করতে যাচ্ছি। আশা করছি যে, টিকেটগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যাবে, কারণ আমরা জানি এখানকার বাংলাদেশি কমিউনিটি ক্রিকেট সমর্থনে কতটা আবেগপ্রবণ।

‘এর আগে বেশ কয়েকটি বিশ্বকাপে আইসিসির সঙ্গে কাজ করেছি আমি। তাই জানি যে বাংলাদেশের ভক্তদের মতো ভক্ত আর নেই। বিশ্বের অন্য কোনো ভক্তের মতো নয়, তারা প্রতিটি খেলার উত্থান-পতনকে নিজেদের অংশ করে নিয়ে নেয়। এটা দারুণ হবে যে, আমরা এই বছর রেনেগেডসকে সমর্থন করার জন্য সেই শক্তির কিছুটা কাজে লাগাতে পারছি।”

লোকের আগ্রহের মাত্রা বেশি থাকলে ‘ফিজ বে’ অংশটুকুর পরিধি বাড়ানো হবে বলেও জানিয়ে রাখলেন রেনেগেডসের মহাব্যবস্থাপক।

“চাহিদা থাকলে আমরা হয়তো এর পরিধি বাড়াতে পারি। শুরুতে অন্তত একটি পুরো ‘বে’ থাকবে। ‘ফিজ বে’ হবে এমন একটি জায়গা, যেখানে ভক্তরা আসতে পারবে, প্রাণ খুলে উল্লাস করতে পারবে, তাদের টাইগার জার্সি নিয়ে আসতে পারবে, বাংলাদেশ বা রেনেগেডসের কিট পরে সাজতে পারবে, বা তাদের যা পছন্দ।

আমরা শুধু এটা নিশ্চিত করতে চাই যে, এখানকার ভক্তরা যেন এসে এমন একজন ক্রিকেটারের খেলা দেখার সুযোগ পায়, যিনি বছরের পর বছর ধরে তাদের গর্ব করার মতো অনেক কিছু দিয়েছেন। তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা একজন ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ভক্তদের জন্য আইকনিক এমসিজির একটি গ্যালারিতে একত্রিত হওয়ার সুযোগ পাওয়াটা সত্যিই বিশেষ কিছু হবে। আমরা আশা করি, এটি খুব জনপ্রিয় হবে।

এবারের বিগ ব্যাশ শুরু হবে আগামী ১২ ডিসেম্বর। আসরের উদ্বোধনী দিনেই পার্থ স্কর্চার্সের বিপক্ষে লড়বে রেনেগেডস। ম্যাচটি হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে। এবারই প্রথম বিগ ব্যাশের একটি ম্যাচ হবে ভারতে। আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলার সময় এটিই ছিল মুস্তাফিজের ঘরের মাঠ। তবে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় ওই ম্যাচে খেলতে পারবেন না তিনি। ২২ ডিসেম্বর সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিগ ব্যাশে অভিষেক হতে পারে তার।