বিগ ব্যাশে ফিরছেন বোল্ট
নিউ জিল্যান্ডের অভিজ্ঞ পেসারের সঙ্গে আগামী মৌসুমের পুরোটার জন্য চুক্তি করেছে সিডনি থান্ডার।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন ট্রেন্ট বোল্ট। প্রতিযোগিতাটির আগামী আসরের পুরোটায় খেলবেন নিউ জিল্যান্ডের অভিজ্ঞ পেসার।
তবে থান্ডার প্লে-অফে উঠলে সূচির সংঘাতের মুখে পড়তে পারেন বোল্ট। আগামী ২৬ জানুয়ারি শেষ হবে ২০২৬-২৭ মৌসুমের বিগ ব্যাশ। আর দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টি শুরু হবে ১৭ জানুয়ারি। এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে খেলবেন বোল্ট। দলটি তাদের অভিযান শুরু করবে ২০ জানুয়ারি।
বিগ ব্যাশে এর আগে কেবল একবারই খেলেন বোল্ট। ২০২২-২৩ মৌসুমে মেলবোর্ন স্টার্সের হয়ে ৮ ম্যাচ খেলে ৮ উইকেট নেন বাঁহাতি এই পেসার। নিউ জিল্যান্ডের আরেক পেসার লকি ফার্গুসনের সঙ্গে এবার থান্ডারে খেলবেন তিনি।
বিগ ব্যাশে নিজের ছাপ রাখতে মুখিয়ে আছেন ৩৭ বছর বয়সি বোল্ট।
“আবারও বিগ ব্যাশে খেলতে এবং থান্ডারে লকির সঙ্গে যোগ দিতে আসি উন্মুখ। সে যেভাবে দলের সঙ্গে মিশে যায়, আমিও সেভাবে অবদান রাখতে চাই এবং তার মতো ছাপ রাখতে চাই—শুধু দলের ওপর নয়, সমর্থকদের ওপরও।
“বছরের পর বছর ধরে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। এখনও আমি এমন পর্যায়ে আছি, মাঠে নামতে, অবদান রাখতে, উইকেট নিতে এবং পাওয়ার প্লেতে আক্রমণাত্মক বোলিং করতে পছন্দ করি।”
গত জুনে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় থান্ডার। ট্রেভর বেইলিসের স্থলাভিষিক্ত হন তিনি।
বোল্ট সবশেষ মাঠে নামেন গত সেপ্টেম্বরে, ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) প্রথম আসরে। চ্যাম্পিয়ন এডিনবরা ক্যাসল রকার্সের হয়ে ১৬ উইকেট নিয়ে প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। গ্লাসগো কসমিকের বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংও করেন।
আগামী ১৬ ডিসেম্বর ক্যানবেরায় অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬-২৭ বিগ ব্যাশে অভিযান শুরু করবে সিডনি থান্ডার।
