২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

রিশাদের পর মুস্তাফিজ, বিগ ব্যাশে এবার বাংলাদেশের প্রতিনিধি দুজন

পাঁচটি দেশের টি-টোয়েন্টি লিগে খেলার পর প্রথমবার অস্ট্রেলিয়ার টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেন মুস্তাফিজুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 05:57 PM

Updated : 26 Oct 2026, 05:56 PM

ডি থ্রি ট্রফির নিলামে যখন মুস্তাফিজুর রহমানের নাম উঠল, সঞ্চালক চারু শার্মার কথা চমকে গেলেন অনেকেই। বিগ ব্যাশে খেলার কারণে ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি আসরে খেলতে পারবেন না এই পেসার। বিস্ময়টা সেখানেই। তার বিগ ব্যাশে চুক্তির খবর তো জানা যায়নি! পরে সংবাদকর্মীদের সঙ্গে আলোচনায় তা খোলাসা করলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সত্যিই বিগ ব্যাশে দল পেয়েছেন অভিজ্ঞ এই পেসার।

তামিম জানালেন, ডি থ্রি ট্রফির নিলামের আগের রাতে তাকে ফোন করে বিগ ব্যাশের প্রস্তাবের কথা জানান মুস্তাফিজ। বোর্ড সভাপতির সবুজ সঙ্কেতের পর বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্রের আবেদনও করেছেন বাঁহাতি এই পেসার। সেটা কেবলই আনুষ্ঠানিকতা। বোর্ড সভাপতি নিজেই জানিয়ে রাখলেন, “রিশাদ যেমন পেয়েছে, মুস্তাফিজও অনুমতি পাবে। ডি থ্রি ট্রফির জন্য তো ওদের বিগ ব্যাশে খেলা আটকাব না আমরা।”

বোর্ড সভাপতির কাছ থেকেই জানা গেল, মেলবোর্ন রেনেগেডসে খেলবেন মুস্তাফিজ। তাতে প্রথমবারের মতো একই বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। হোবার্ট হারিকেন্স আগেই নিশ্চিত করেছে, গত মৌসুমের সফল স্পিনার রিশাদ হোসেনকে এবারও দলে নিয়েছে তারা।

বিগ ব্যাশে বাংলাদেশের তৃতীয় প্রতিনিধি হতে যাচ্ছেন মুস্তাফিজ। তার ও রিশাদের আগে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দুই দফায় খেলেছেন সাকিব আল হাসান।

সাকিবের পর ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের দুনিয়ায় বাংলাদেশের উজ্জ্বলতম প্রতিনিধি মুস্তাফিজই। তবে বিগ ব্যাশে আগে পা পড়েনি তার। বিপিএল ছাড়াও আইপিএল, টি-টোয়েন্টি ব্লাস্ট, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও এলপিএল খেলার পর এবার স্লোয়ার ও কাটারের দক্ষতা দেখাবেন তিনি অস্ট্রেলিয়ার লিগে।

মেলবোর্ন রেনেগেডসের কোচ লুক রনকি, অধিনায়ক উইল সাদারল্যান্ড। মুস্তাফিজের সতীর্থদের মধ্যে আছেন জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, জশ ব্রাউন, অলিভার পিক, জেসন বেহরেনডর্ফ, ব্রেন্ডান ডগেটরা।

এবারের বিগ ব্যাশ শুরু হবে আগামী ১২ ডিসেম্বর। আসরের উদ্বোধনী দিনেই পার্থ স্কর্চার্সের বিপক্ষে লড়বে রেনেগেডস। ম্যাচটি হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে। এবারই প্রথম বিগ ব্যাশের একটি ম্যাচ হবে ভারতে। আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলার সময় এটিই ছিল মুস্তাফিজের ঘরের মাঠ। তবে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় ওই ম্যাচে খেলতে পারবেন না তিনি। ২২ ডিসেম্বর সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিগ ব্যাশে অভিষেক হতে পারে তার।

রিশাদের বিগ ব্যাশ শুরু হয়ে যাওয়ার কথা আগেই। ১৭ ডিসেম্বর হোবার্ট হারিকেন্সের লড়াই ব্রিজবেট হিটের সঙ্গে। বিগ ব্যাশের গত আসরে ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করে তিনি ছিলেন দলের সফলতম বোলার। মৌসুম শেষে এই লেগ স্পিনার জিতেছিলেন হোবার্টের ‘প্লেয়ার অব দা ইয়ার’ স্বীকৃতি।