হামলার বিচার চেয়ে মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে ফের হামলা
হামলায় গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে স্বজনরা জানান।
ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের হামলার বিচার চেয়ে মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে ফের হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের দোহার গট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে সালথা থানার ওসি মো. শেখ সাদিক জানান।
রামদা, সুরকি, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রের হামলায় উপজেলার দোহার গট্টি গ্রামের ফিরোজ মাতুব্বর (৩৮), হাবিব শেখ (২৮), কামাল মাতুব্বর (৩৭), অলি (৪০), জানো বেগম (৪৫), লিটন (৩৫), ইব্রাহিম শিকদার (২৩), লিখন মাতুব্বর (১১), ইসাহাক মাতুব্বর (৪০), রাকিব (১৮), সেলিম মাতুব্বরসহ (৩৬) অন্তত ১৫ জন আহত হন।
তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে রামদা'র কোপে আহত অলির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে স্বজনরা জানান।
মানববন্ধনের আয়োজক ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী খোরশেদ খান বলেন, “পূর্ব শত্রুতার জেরে ও ইফতারি খাওয়াকে কেন্দ্র করে গত রোববার দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলার ঘটনার বিচারের দাবিতে
আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন সম্পন্ন করি। আমাদের কর্মসূচি শেষ করে যখন বাড়িতে ফিরছিলাম তখন আগে থেকে ওঁতপেতে থাকা সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমাদের বেশ কিছু লোককে কুপিয়ে আহত করে। এ সময় তারা বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রত্যাশা করছি।“
তিনি আরও বলেন, “এই হামলার খবরে দ্রুত পুলিশ না আসলে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেত।”
রোববার সন্ধ্যায় সালথা উপজেলার বড় বালিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে ও ইফতারি খাওয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় গত সোমবার সালথা থানায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়।
ওই রাতেই আব্দুল হক খান, কুদ্দুস মাতুব্বরসহ সাতজনকে আটক করে পুলিশ।
পরে এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে গত বুধবার বিকাল ৪টার দিকে বালিয়াগট্টি বাজারে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
মানববন্ধকারীদের দাবি, স্থানীয় এক প্রভাবশালীর ছত্রছায়ায় ওয়ালিদ ফকির ও সবুর খানের নেতৃত্বে কয়েকশ লোক এ হামলা চালায়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ওয়ালিদ ফকির ও সবুর খান। হামলার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন তারা।
তারা বলেন, এসব মারামারির বিষয়ে তারা কিছু জানেন না। তবে বালিয়া গ্রামের দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে তারা শুনেছেন।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ”
এ ব্যাপারে সালথা থানার ওসি মো. শেখ সাদিক বলেন, আগের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে ৭ জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়। এর মধ্যে আব্দুল হক খান ও কুদ্দুস মাতুব্বর আদালত থেকে জামিনে আছেন।
