২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

স্বজনের সৎকার শেষে বাড়ি ফেরার পথে সড়কেই প্রাণ গেল তিনজনের

ময়মনসিংহগামী যাত্রীবাহী বাস ‘আলম এশিয়া’ বিপরীতমুখী অটোরিকশাটিকে সামনাসামনি চাপা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 01:24 AM

Updated : 23 Sep 2026, 01:24 AM

স্বজনের মৃত্যুর খবর পেয়ে শেষকৃত্যে গিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই তরুণের। বাড়ি ফেরার পথে বাসের চাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ৯টায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লছনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে সাতগাঁও হাইওয়ে থানার ওসি মমিনুল ইসলাম জানান।

নিহতদের মধ্যে দুজন হলেন- শ্রীমঙ্গলের মাইজদী চা বাগানের ইউপি সদস্য অমৃত সিং ছত্রির ছেলে জয় সিং ছত্রি (২৫) এবং একই বাগানের চা শ্রমিক সুশীল নায়েকের ছেলে পাপ্পু নায়েক (২৪)।

নিহত অপর ব্যক্তি অটোরিকশার চালক বলে ধারণ করা হলেও তাৎক্ষণিকভাবে তার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, জয় ও পাপ্পু তাদের এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে হবিগঞ্জের চুন্টিছড়া চা বাগানে গিয়েছিলেন। সেখানে সৎকার শেষে অটোরিকশায় করে তারা শ্রীমঙ্গলের মাইজদী চা বাগানের ফিরছিলেন।

লছনা এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাস ‘আলম এশিয়া’ বিপরীতমুখী অটোরিকশাটিকে সামনাসামনি চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে পিষ্ট হয়ে চ্যাপ্টা হয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. নাভিদ বলেন, রাত সোয়া ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল। নিহতদের সবার মাথায় ও শরীরে গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের চিহ্ন পাওয়া গেছে।

ওসি মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে দুই তরুণের অকালমৃত্যুর খবরে মাইজদী চা বাগান এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।