০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

অন্ধ্র প্রদেশে বিস্ফোরণে তেল শোধনাগারে আগুন, আকাশে কালো ধোঁয়া, আতঙ্কে বাসিন্দারা

শোধনাগারের একটি সালফার পিচ ট্যাঙ্কে আগুন লেগেছিল বলে প্রাথমিক খবরে জানানো হয়েছে। কেন আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। কেউ হতাহত হয়েছে কিনা তাও জানা যায়নি।

অন্ধ্র প্রদেশে বিস্ফোরণে তেল শোধনাগারে আগুন, আকাশে কালো ধোঁয়া, আতঙ্কে বাসিন্দারা

ছবি: এনডিটিভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 02:00 AM

Updated : 03 Nov 2026, 02:00 AM

ভারতের অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনমের হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (এইচপিসিএল) তেল শোধনাগারে বিস্ফোরণের শব্দের পরই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার রাতে আচমকাই পর পর বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। তার পরেই শোধনাগার চত্বর থেকে বেরিয়ে আসতে শুরু করে ঘন ধোঁয়া। মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দূর থেকেও আকাশে দেখা যায় আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী।

ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, শোধনাগারের একটি সালফার পিচ ট্যাঙ্কে আগুন লেগেছিল। বিস্ফোরণের শব্দ শোনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও জরুরি পরিষেবা দল। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন এইচএসপিসিএল-এর নিজস্ব দমকলকর্মীরাও।

কী কারণে এই আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। তবে আগুন লাগার পরেই তা নেভানোর কাজ শুরু হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

সোমবার রাতে অগ্নিকাণ্ডের ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। তাতেই দেখা গেছে পুরো এলাকা জুড়ে আগুন এবং ধোঁয়া। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কী না তা এখনও জানা যায়নি।

পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছেন বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচী। তার বক্তব্য, আগুন আপাতত নির্দিষ্ট ওই ট্যাঙ্কের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। শোধনাগারের অন্য কোনও অংশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি।

আগুনের জেরে শোধনাগারের আশপাশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়লেও প্রশাসন বলছে, ওই ধোঁয়া বিপজ্জনক বলে মনে করা হচ্ছে না।

বিস্ফোরণের জেরেই অগ্নিকাণ্ড বলে মনে করছেন কর্মকর্তারা। তবে কী কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তারা।