২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে বখাটের মারধর, পড়ে গেছে ৩ দাঁত

সরিষামুড়ি ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 11:23 PM

Updated : 22 Sep 2026, 11:23 PM

বরগুনার বেতাগী উপজেলায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

এতে শিশুটির মুখের সামনের তিনটি দাঁত পড়ে গেছে এবং আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেতাগী থানার ওসি মো. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, সোমবার বিকালে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর মামলা হয়েছে।

ঘটনার পর পরই আসামি ফয়সাল মৃধা পালিয়ে গেছেন। ঘটনায় জড়িত সন্দেহে তার মাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বরাতে পুলিশ জানায়, শিশুটিকে স্কুলে যাওয়া-আসার পথে নানাভাবে উত্ত্যক্ত করতেন ফয়সাল। এর মধ্যে একদিন শিশুটি ওয়াসরুমে গেলে ফয়সাল সেখানে উঁকি মারেন। শিশুটি দেখে ফেলায় তিনি পালিয়ে যান।

শিশুটি ঘটনাটি তার পরিবার ও এলাকার লোকজনকে জানায়। তখন তার পরিবার পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ এসে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেন।

পুলিশকে জানানো ঘটনায় ক্ষুব্ধ হয় ফয়সাল। তিনি তখন শিশুটির পরিবারকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।

এরপর সোমবার শিশুটিকে তার মা আর স্কুলে পাঠাননি। তখন এক শিক্ষক এসে তাকে স্কুলে নিয়ে যায়। ফেরার পথে শিশুটিকে ফয়সাল ব্যাপক মারধর করে বলে জানান স্থানীয় ইউপি সদস্য। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি বলে, ফয়সাল তাকে লাথি ও ঘুষি মারে। এতে তার তিনটি ভেঙে পড়ে যায় এবং আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মাথা ও মুখে প্রচণ্ড ব্যথা।

শিশুটির স্কুলের একজন সহকারী শিক্ষক বলেন, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরগুনা থেকে চিকিৎসকরা বরিশালে স্থানান্তর করেছেন।