২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ

তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2024, 11:27 PM

Updated : 04 Jan 2024, 11:27 PM

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানের প্রধান নির্বাচনি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের কাউতলি এলাকায় ঘটনাটি ছাত্রলীগের মিছিল থেকে ঘটানো হয়েছে বলে অভিযোগ ফিরোজের।

তিনি অভিযোগ করে বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের লোকনাথ দিঘীর ময়দান থেকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে কাউতলি এলাকায় যাওয়ার পর আমার প্রধান নির্বাচনি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।”

এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, “ছাত্রলীগ নেতাকর্মীদের মিছিলটি স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় কার্যালয় থেকে নেতাকর্মীদের উদ্দেশ করে উসকানিমূলক কথা বলা হয়। এ নিয়ে দুপক্ষের সঙ্গে তর্কবিতর্কের সময় কার্যালয়ের পাশের একটি ভবন থেকে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনও কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।