২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে শিশুকে কুপিয়ে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে

স্থানীয়রা বলছেন, চিৎকার শুনে শিশুটির দাদি ঘরে গিয়ে নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2025, 10:11 AM

Updated : 26 Aug 2026, 11:56 AM

নরসিংদীর রায়পুরায় ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।  

উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান।  

নিহত ৩ বছর বয়সী আনাস মিয়া ওই এলাকার সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে বলে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আবু বক্কর জানান।  

স্থানীয়দের বরাতে ইউপি সদস্য আবু বক্কর বলেন, “পাঁচ বছর আগে রায়পুরা উপজেলার হাইরমারা এলাকার শিরিনা বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর সৌদি আরবে চলে যান ডালিম। এরপর শিরিনা তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন।

“শনিবার রাতে নিজ ঘরে আনাসকে কুপিয়ে হত্যার পর শিরিনা পালিয়ে যান। এ সময় পাশের ঘরে তারাবি নামাজ পড়ছিলেন শিশুটির দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান।”

আবু ববক্কর বলেন, শিশুটির দাদি জানাতে পারেননি, কেন শিরিনা নিজ সন্তানকে হত্যা করলেন। ঘটনার পর থেকে তার পুত্রবধূ পলাতক রয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্তের পর এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি; নিহতের মা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন জানান এ পুলিশ কর্মকর্তা।