ফেনী সীমান্তে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
বেশ কিছুদিন ভারতে থাকার পর বৃহস্পতিবার রাতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে তারা।
অবৈধ অনুপ্রবেশের পর ফেরার পথে ফেনীর পরশুরাম সীমান্তে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
রোববার বিজিবি-৪ ফেনী ব্যটালিয়নের অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দৌজা জানান, বৃহস্পতিবার রাতে ভারতের দক্ষিণ ত্রিপুরা রাজ্যের রাজনগর পিআর বাড়ি থানাধীন সমরেন্দ্রনগর সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দাগনভূঞা উপজেলার জেবল হকের ছেলে মো. নুর ইসলাম ওরফে মো. ফয়সাল শেখ (২৭), মোহাম্মদ মফিজুল্লাহর ছেলে মো. মোহাম্মদ আলাউদ্দিন (৩০) ও নোয়াখালীর সেনবাগ উপজেলার সেলিম উল্লাহর ছেলে মো. আব্দুর রহমান (২৯)।
লেফট্যানেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দৌজা বলেন, তিন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। বেশ কিছুদিন সেখানে থাকার পর বৃহস্পতিবার রাতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতী বিএসএফ ৪৩ ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের আটক করে।
তাদের কাছ থেকে বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।
