‘আন্দোলনে অসহযোগিতা’, খাগড়াছড়িতে বিএনপির ২ নেতার পদ স্থগিত
চিঠিতে ইঙ্গিত দেওয়া হয়, ভবিষ্যৎ কর্মকাণ্ড দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারবিরোধী চলমান আন্দোলন-কর্মসূচিতে অসহযোগিতার অভিযোগে স্থানীয় দুই নেতার পদ স্থগিত করল খাগড়াছড়ি জেলা বিএনপি।
গত শনিবার এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলে রোববার সন্ধ্যায় জানান, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার।
পদ স্থগিত হওয়া দুই নেতা হলেন- জেলার গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুপ এবং সাধারণ সম্পাদক মো. নবী হোসেন।
এম এন আফসার সাক্ষরিত চিঠিতে বলা হয়, “বার বার তাগিদ দেওয়া সত্ত্বেও সংগঠনের দায়িত্বে অধিষ্ঠিত থেকেও চলমান আন্দোলন-সংগ্রামে সম্পূর্ণ অনুপস্থিত এবং অসহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় আপনাদের (মো. ইউছুপ এবং মো. নবী হোসেন) দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হল।”
চিঠিতে আরো বলা হয়, পরবর্তী হরতাল-অবরোধ কর্মসূচিগুলোতে আপনাদের উপস্থিতি, সহযোগিতা পর্যবেক্ষণ করে যদি তা গ্রহণযোগ্য এবং সন্তোষজনক হয়, তবে আপনাদের পুনরায় স্বপদে বহাল করা হবে; অন্যথায় আপনাদের পদ স্থায়ীভাবে স্থগিত করা হবে।”
