শার্শা সীমান্তে ২ পিস্তল ও মোটরসাইকেল রেখে পালিয়েছে ‘পাচারকারী’
অস্ত্র ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য তিন লাখ ৫১ হাজার টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে খালি ম্যাগজিনসহ দুইটি নাইন এমএম পিস্তল ও একটি মোটরসাইকেল আটক করা হয়েছে।
যেগুলো ‘ভারত থেকে পাচার’ করে আনা হচ্ছিল বলে দাবি বিজিবির।
রোববার রাতে শার্শা উপজেলার অগ্রভূলোট দক্ষিণপাড়া পাকারাস্তা থেকে এসব অস্ত্র আটক করা হয়েছে বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান।
মোহাম্মদ তানভীর রহমান বলেন, “অস্ত্র পাচারের গোপন সংবাদে অগ্রভূলাট বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার থেকে ৮০০ গজ বাংলাদেশের ভেতরে রাস্তার পাশে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একজন ব্যক্তিকে মোটরসাইকেলে আসতে দেখে তাকে থামতে বলা হয়।
“মোটরসাইকেলটি থামানোর পর ওই ব্যক্তিকে তল্লাশীর জন্য কোমরে হাত দিলে তৎক্ষণাত সে তার লুঙ্গি খুলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়।”
পরে সেখান থেকে দুটি নাইন এমএম পিস্তল (ইউএসএ), দু’টি খালি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য তিন লাখ ৫১ হাজার টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
