জয়পুরহাটে বিদেশি পিস্তল ও গুলি জব্দ, ২ যুবক গ্রেপ্তার
আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুই যুবককে আটকের পর একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি জব্দ করেছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার টিঅ্যান্ডটি পাড়া থেকে তাদের আটক করা হয় বলে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক শাহেদ আল মামুন জানান।
আটকরা হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর স্টেশনপাড়ার প্রয়াত আব্দুর রশিদের ছেলে সুজন হোসেন (৩৫) ও একই গ্রামের প্রয়াত আব্দুল হকের ছেলে জয়নাল আবেদিন লিটন (৩২)।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিদর্শক শাহেদ জানান, গোপন খবর পেয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলমের নির্দেশে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি পাওয়া যায়।
আটকদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
