‘সরকার পরিবর্তন না হলে আর কোনো রাজনৈতিক দল থাকবে না’
“মানুষের কোনো অধিকার নেই বললেই চলে; ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই, গণমাধ্যমেরও স্বাধীনতা নেই।”
আগামী নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন না হলে দেশে আর কোনো রাজনৈতিক দল থাকবে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
এরকম চলতে থাকলে একটি রাজনৈতিক দলই রাষ্ট্রক্ষমতায় চিরস্থায়ী হয়ে উঠবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার বিকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএম কাদের বলেন, “বর্তমানে বিদেশি চাপ কাজ করছে। আমরা তাকিয়ে আছি, অন্যান্য রাজনৈতিক দলগুলোও চেষ্টা করছে। সবাই মিলেমিশে কিছু করতে পারলে দেশের মানুষ উদ্ধার হবে। তা না হলে, এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে সাধারণ মানুষের হাতে আর রাজনীতি থাকবে না। রাজনৈতিক দলও থাকবে না। একটি দল এবং তাদের নেতা চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়ার উপক্রম হবে।
“যদি এইভাবে নির্বাচন হয় এবং বর্তমান সরকারই আবার ক্ষমতায় আসে তাহলে এটাই বাস্তবায়ন হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য বড় ধরনের পরীক্ষা।”
এক প্রশ্নের জবাবে জাপার এই নেতা সাংবাদিকদের বলেন, “মানুষের কোনো অধিকার নেই বললেই চলে। মানুষের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই। গণমাধ্যমের স্বাধীনতা নেই, মানুষের ভাত-কাপড়ের নিরাপত্তা নেই। সংবিধান অনুযারী মানুষের মৌলিক চাহিদা পূরণ করা সরকারের এবং রাষ্ট্রের দায়িত্ব, সেগুলোর ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি।”
এমন পরিস্থিতিতে দেশের মানুষকে যেকোনোভাবেই হোক না কেন মুক্ত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
নতুন বাজেট জনমুখী হয়নি দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, “বাজেটের পর সাধারণ মানুষের দুরবস্থা বাড়বে। অর্থনৈতিক মন্দা চলছে, এটা আরও বাড়বে। দেশের মানুষ একটা অজানা অনিশ্চিত বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে।”
দ্রব্যমূল্যের লাগামহীন গতি এবং মানুষের আয় কমা নিয়ে বাজেটে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এই জাপা নেতা।
তিনি বলেন, মানুষকে বাঁচাতে সামাজিক নিরাপত্তা খাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়ার কথা, সরকার তা দেয়নি। যতটুকু দিয়েছে তা খুবই সামান্য।
এর মধ্যে পেনশনের টাকার কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে বলেও তিনি মনে করেন।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দলের রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগরের সহসভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
