২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে পৃথক মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন

যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও তিন মাস কারাবাসে থাকতে হবে।

জয়পুরহাটে পৃথক মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় রায় ঘোষণা শেষে দুই আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 05:53 PM

Updated : 24 Jul 2023, 05:53 PM

জয়পুরহাটে পৃথক দুটি মাদক মামলায় এক নারীসহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দীন তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান।

দণ্ডিতরা হলেন- পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামের ইসমাইলের ছেলে আজাদুল ইসলাম, নন্দইল গ্রামের আনারুলের ছেলে আমিনুল ইসলাম, ধরঞ্জী মণ্ডলপাড়ার আব্দুস সালামের ছেলে আব্দুর রহমান এবং বগুড়ার মালগ্রামের আব্দুর রহমানের স্ত্রী রেবা। তাদের মধ্যে আমিনুল পলাতক রয়েছেন।

মামলার বরাতে পিপি নৃপেন্দ্রনাথ জানান, গোপন খবর পেয়ে ২০১৭ সালের ৮ জুলাই রাতে পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামে আজাদুলের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ২০১ বোতল ফেনসিডিলসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে ২০১৯ সালের ৪ জুন একই উপজেলার ভুইডোবা সীমান্তে ৫৮০ পিস ‘বুপ্রেনরপিন’ ইনজেকশনসহ রেবা নামের ষাটোর্ধ্ব এক নারীকে বিজিবি আটক করে বলে জানান তিনি।

এসব ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন র‌্যাব ও বিজিবি।

পৃথক শুনানি শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও তিন মাস কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।