গাজীপুরে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কৃষকের
নিজ ধান ক্ষেতে দেখতে গিয়ে বিদ্যুতায়িত তারের বেড়ায় জড়িয়ে জামাল মারা যান বলে জানায় তার পরিবার।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ধান ক্ষেতের পাশে জিআই তার দিয়ে জমির সীমানা ঘেরা বেড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন এক কৃষক।
মঙ্গলবার সকালে উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামে থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে শ্রীপুর থানার এসআই তাজমুল করিম জানান।
নিহত ষাটোর্ধ্ব জামাল উদ্দিন কর্ণপুর গ্রামের প্রয়াত জনাব আলীর ছেলে।
নিহতের বড় ভাই মো. রজব আলী বলেন, সোমবার বিকালে জামাল নিজ ধান ক্ষেত দেখতে গিয়ে নিখোঁজ হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ-খবর নেয়।
মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে জিআই তারের বেড়ায় জড়ানো অবস্থায় জামালের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “ধান ক্ষেতের পাশে বেড়া দিয়ে একটি প্রকল্পের জমি ঘেরা রয়েছে। ওই বেড়ার উপর দিয়ে একটি বৈদ্যুতিক তার সেখানে টানানো হয়েছে। সেই তারের মাধ্যমে বেড়া আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল।”
ধারণা করা হচ্ছে ধান ক্ষেতে গিয়ে জামাল সেই বেড়া স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মারা যান বলে তিনি জানান।
এ বিষয়ে ওই প্রকল্পের ভেতরে থাকা কর্মীরা কোনও বক্তব্য দিতে রাজি হননি।
এসআই তাজমুল বলেন, জমির সীমানা জন্য দেওয়া তারের বেড়ায় বিদ্যুতায়িত হয়ে কৃষক মারা গেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
