সাংবাদিকদের উপর হামলার বিচার চেয়ে বরিশালে মানববন্ধন
বরিশাল সাংবাদিক ইউনিয়ন-জেইউবি’র ব্যানারে নগরীর অশ্বিনী কুমার হলের বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এ মানববন্ধন হয়।
সংবাদ সংগ্রহে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া সাংবাদিকদের উপর হামলার ঘটনার বিচার চেয়ে নগরীতে মানববন্ধন করা হয়েছে।
বরিশাল সাংবাদিক ইউনিয়ন-জেইউবি’র ব্যানারে নগরীর অশ্বিনী কুমার হলের বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এ মানববন্ধন করা হয়।
জেইউবি’র সভাপতি স্বপন খন্দকারের সভাপতিত্বে এ আয়োজনে বক্তব্য দেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক-প্রকাশক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ অন্যরা।
গত শনিবার দায়িত্ব পালনকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সাত সাংবাদিকের উপর হামলা চালান কয়েকজন চিকিৎসক ও কর্মচারী।
এ ঘটনা উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, কিছুদিন আগে যশোর জেনারেল হাসপাতালেও দায়িত্ব পালনকালে সাংবাদিকরা হামলার শিকার হন। সম্প্রতি বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে সাংবাদিকরা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবেন।
