বগুড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাইক আরোহী বাবা-ছেলে নিহত
সড়কে হাতির চাঁদাবাজি এড়াতে দ্রুত স্থান ত্যাগের সময় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে অভিযোগ স্থানীয়দের।
বগুড়ার আদমদীঘি উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ইন্দইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা।
নিহতরা হলেন- উপজেলার লক্ষ্মীকুল গ্রামের নাগর প্রামাণিকের ছেলে লোকমান আলী (৭৪) এবং তার ছেলে জাহিদুর রহমান (৪৫)। জাহিদুল স্থানীয় আদমিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
স্থানীয়দের বরাতে ওসি রেজাউল করিম জানান, নিজ বাড়ি থেকে জাহিদুর তার বাবা লোকমানকে নিয়ে মোটরসাইকেলে করে আদমদীঘি যাচ্ছিলেন। পথে স্টেটফাস্ট কুরিয়ার লিমিটেডের কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই লোকমান মারা যান। স্থানীয়রা জাহিদুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তিনিও মারা যান।”
স্থানীয়দের অভিযোগ, সড়কে হাতির চাঁদাবাজি এড়াতে দ্রুত স্থান ত্যাগের সময় কাভার্ডভ্যানটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাতি ও মাহুতকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে ওসি রেজাউল জানান।
