ট্রাক খাদে পড়ে মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি
ট্রাকের চালক ও সহকারী হালকা আঘাত পেয়েছেন, গুরুতর কিছু হয়নি।
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে ভয়াবহ যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কের যাত্রীরা।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে সড়কের নয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার।
বেলা দেড়টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালক ও সহকারি হালকা আঘাত প্রাপ্ত হলেও গুরুতর কিছু হয়নি।
ট্রাকটি উদ্ধার কার্যক্রম চলছে। তবে এর মধ্যেই এই সড়কে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি।
যানজটে আটকা পড়া সিএনজিচালিত অটোরিকশার যাত্রী রাজ্জাক বলেন, “মেয়েকে ডাক্তার দেখাবো বলে সিংগাইর থেকে সিএনজি করে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলাম, কিন্তু অনেক সময় ধরে জ্যামে বসে আছি।”
সিএনজি চালক জাফর বলেন, “সিংগাইর থেকে মানিকগঞ্জে ২৫-৩০ মিনিটে আসি আজ দেড় ঘণ্টার বেশি লাগছে।”
আরেক যাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই মিনিটের রাস্তা দেড় ঘণ্টায় অনেক জায়গা ঘুরে মানিকগঞ্জ শহরে আসছি।”
ওসি আব্দুর রউফ বলেন, “ট্রাকটি খাদ থেকে তুলে সড়ক ক্লিয়ার করার চেষ্টা চলছে। এক-দেড় ঘণ্টা ধরে সড়কে যানযট তৈরি হয়েছে। আশা করি দ্রুত তা নিরসন হবে।”
