২০ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে জিপ খাদে, নিহত চালক

মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 03:49 PM

Updated : 27 Sep 2026, 04:45 PM

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে জিপ খাদে পড়ে চালক নিহত হয়েছেন।

রোববার সকালে আলুটিলা-সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা যাওয়ার পথে আলুটিলা-সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জীপটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক চন্দন দত্ত নিহত হন।

নিহতের স্বজন বাবুল দত্ত জানান, চন্দন আবুল খায়ের কোম্পানির ডিলার এসএস ট্রেডার্সের মালবাহী জীপ চালাতেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, “গাড়িটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেছে। একজনের মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আশরাফু মুন্না বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।