বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এখন প্রাথমিকের শিক্ষক: প্রতিমন্ত্রী
“কর্মকর্তাদের জন্য গাড়ি-স্কুটি কেনাসহ তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে।”
মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক প্রয়োজন এবং সরকার সেই চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
তিনি বলেছেন, “বর্তমান সরকার স্বচ্ছ ও সুন্দর প্রক্রিয়ায় ৫৭ হাজার মেধাবীকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এখন প্রাাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তোলা হচ্ছে।”
জাকির হোসেন বুধবার কুড়িগ্রাম প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে এসো শিখি প্রকল্পের জেলা অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৭৩ সালে যুদ্ধ বিধবস্ত দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের মাধ্যমে সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন। এখন প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন, মাল্টিমিডিয়া ক্লাশ রুমসহ আধুনিকায়নের সকল ব্যবস্থা নেওয়া হয়েছে; যা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহায়ক হবে।
তিনি আরও বলেন, “বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। তাই শিক্ষক ও কর্মকর্তাদের সব ধরনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিয়েছে। প্রাথমিক শিক্ষায় কোনো নিয়োগবিধি ছিল না। আমরা সেগুলো করছি। কর্মকর্তাদের জন্য গাড়ি-স্কুটি কেনাসহ তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে।”
জেলা প্রশাসক মো. সাইদুল আরীফের সভাপতিত্বে কর্মশালায় অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাশ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মিজানুর রহমান, ইউএসএআইডি বাংলাদেশের ডেপুটি মিশন ডিরেক্টর সোনিয়া রেনন্ডস কুপার, জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
কর্মশালায় জানানো হয়, এসো শিখি প্রকল্পে- উপকরণ তৈরি, শিক্ষক প্রশিক্ষণ ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ২৩ লাখ শিক্ষার্থীকে স্বাধীন ও সাবলীল পাঠক হিসেবে গড়ে তোলা হবে।
এই প্রকল্পের মাধ্যমে আট বিভাগের ১৫টি জেলায় ৮১টি উপজেলায় ১০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে বাংলা বিষয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা হবে। কুড়িগ্রামের ছয়টি উপজেলায় ৭৩৯টি স্কুলে এই কার্যকম চালু হবে বলে জানোনো হয়।
