০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

“প্রত্যর্পণ আইন অনুযায়ী মালয়েশিয়ার নিজস্ব অধিকারের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে,” বলেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 12:10 AM

Updated : 04 Nov 2026, 12:10 AM

ইসলামি বক্তা জাকির নায়েককে ভারতে প্রত্যপর্ণ না করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।

মঙ্গলবার ‘দ্য এজ মালয়েশিয়া’ লিখেছে, দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকিয়াতে বলা হয়- ভারতকে এ বিষয়ে কোনো প্রতিশ্রুতিও দেওয়া হয়নি।

দেওয়ান রাকিয়াতের সদস্য দাতুক আহমাদ মারজুক শারির এক প্রশ্নের লিখিত জবাবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে একথা বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “২০১০ সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৯২ সালের প্রত্যর্পণ আইন অনুযায়ী মালয়েশিয়ার নিজস্ব অধিকারের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

জাকির নায়েককে ফেরাতে ভারতের তরফ থেকে নতুন করে কোনো অনুরোধ না পাওয়ারও কথা বলছে মালয়েশিয়া সরকার।

ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে ফেরারি আসামি হিসেবে জাকির নায়েকের খোঁজে রয়েছেন সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী। ভারতীয় কর্তৃপক্ষ জাকির নায়েক এবং ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, পিস টিভিসহ তার নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত শুরু করার পর ২০১৬ সালে মালয়েশিয়া চলে যান। পরে সেখানে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাকির নায়েককে ফেরাতে ২০১৮ সালের ১৯ জানুয়ারি আনুষ্ঠানিক অনুরোধ জানায় ভারত। ২০২০ সালের ২৯ মে ভারত সরকার এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একটি কূটনৈতিক নোটও পাঠিয়েছিল।

চলতি বছরের সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনের জন্য ভারত সফর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেসময় দিল্লিতে তার আলোচনাতেও জাকির নায়েককে ভারতের প্রত্যর্পণের বিষয়টি ওঠে বলে খবর দিয়েছিল এনডিটিভি।