২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

‘অপকর্ম’ দমনের বদলে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর

‘‘স্বয়ং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।’’

‘অপকর্ম’ দমনের বদলে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর

জামায়াতে ইসলামির আমির শফিকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Oct 2026, 08:45 PM

Updated : 20 Oct 2026, 08:45 PM

‘জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের’ পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নিজের ফেইসবুক পেইজে এমন অভিযোগ করেন তিনি।

রাজধানীর ক্ষিলক্ষেতে পুলিশ হাউজিং-১ এলাকায় পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও ৮৪ জনকে গ্রেপ্তারের তথ্য দেয়।

এ প্রসঙ্গে তুলে ধরে ফেইসবুকে পোস্টে শফিকুর রহমান লেখেন, “পুলিশে কর্মরত একজন ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে বাসা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) উদ্ধার করা হয়েছে।

‘‘এখান থেকেই বোঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।’’

তিনি বলেন, ‘‘স্বয়ং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।’’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস ওঠার কথা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, “গ্যাস-বিদ্যুতের সমস্যাও তো রয়েছেই।

“এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত।

‘‘হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ!’’

তিনি পোস্টের শেষে তরুণদেরকে আরেকবার জেগে ওঠার আহ্বান জানান।