ইউপির বরাদ্দে সরকারি দলকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ এনসিপির এমপির
সব নির্বাচনি এলাকায় সমভাবে উন্নয়ন করার কথা বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সরকারদলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার ইউনিয়ন পরিষদে (ইউপি) উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার কোনো ইউনিয়নে বরাদ্দ না দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সম্পূরক প্রশ্নে এ অভিযোগ করেন নারায়ণগঞ্জ ৪ আসনের এই সংসদ সদস্য।
জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সব নির্বাচনি এলাকায় সমভাবে উন্নয়ন করা হবে। বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার উন্নয়ন বরাদ্দের চিঠি মঙ্গলবারের মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে।
আব্দুল্লাহ আল আমিন গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে শুধু সরকারদলীয় সংসদ সদস্যদের প্রত্যেক আসনের প্রতিটি ইউনিয়নে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি করেন।
সরকারের কাছে এর কারণ জানতে চেয়ে তিনি বলেন, “আমার সুনির্দিষ্ট প্রশ্ন হচ্ছে সরকারের কাছে এমন কোনো প্রতিবেদন আছে কিনা যে বিরোধী দলের সংসদ সদস্যদের কোনো ইউনিয়নেই কোনো উন্নয়ন দরকার নাই শুধু সরকারি দলের সংসদ সদস্যদের আসনেই উন্নয়ন দরকার এমন কোন সিদ্ধান্ত বা এমন কোনো প্রতিবেদন সরকারের কাছে আছে কিনা এটা জানতে চাই।”
জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, “প্রথমত আমার জানামতে মাননীয় সংসদ সদস্যের নির্বাচনি এলাকায় মনে হয় কোনো ইউনিয়ন নাই। উনিতো মহানগর থেকে নির্বাচিত দুই একটি বোধহয় থাকতে পারে।”
এ সময় আব্দুল্লাহ আল আমিন হাত তুলে তার নির্বাচনি এলাকায় ইউনিয়ন পরিষদ থাকার কথা জানিয়ে প্রতিবাদ করেন।
এরপর প্রতিমন্ত্রী বলেন, “সমভাবে সব নির্বাচনি এলাকায় উন্নয়ন হবে এবং আপনাদের মসজিদ মন্দির অবকাঠামো উন্নয়ন ও ইউনিয়নের উন্নয়নের যে বরাদ্দপত্রগুলো আগামীকালের (মঙ্গলবার) মধ্যেই আমি বিরোধীদলের সকল সংসদ সদস্যদের নিকট বিরোধীদলীয় নেতার মাধ্যমে বিরোধী দলীয় নেতার দপ্তরে পৌঁছে দিব, ইনশাল্লাহ।”
