৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচন জামায়াত-এনসিপি আলাদাভাবে করবে: সারজিস

‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 08:30 PM

Updated : 31 Oct 2026, 08:30 PM

স্থানীয় সরকার নির্বাচন জামায়াতে ইসলামী ও এনসিপি নিজ নিজ অবস্থান থেকে করবে বলে জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।

তিনি বলেছেন, “জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট হয়েছিল এবং বর্তমানে সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে তারা একসঙ্গে কাজ করছে। সেই জোট এখনও চলমান থাকলেও স্থানীয় নির্বাচনে আলাদাভাবে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এ সময় তিনি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গে এনে বলেন, এনসিপির দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করা হয়েছে এবং তারা কোনো সমঝোতা বা ছাড় দেওয়ার জন্য নয়, শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে লড়বেন।

শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে সারজিস আলম বলেন, “এসব কথাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। তবে সত্যিই যদি তিনি দেশে ফেরার চিন্তা করেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্টাংশ রয়েছে, সেটুকুরও কবর রচিত হবে।”

তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পতিত স্বৈরাচারের পতন হয়েছে। গণঅভ্যুত্থানে স্বজন ও অঙ্গপ্রতঙ্গ হারানো মানুষের ক্ষোভ এখনো তীব্র। ৫ অগাস্ট গণভবনে শেখ হাসিনা থাকলে যে পরিস্থিতি হতো, ডিসেম্বরে বাংলাদেশের কোথাও তার অস্তিত্ব পাওয়া গেলে একই পরিস্থিতি তৈরি হতে পারে।”

বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা দাবি করেন, “গত আট মাসে অজনপ্রিয়তা, হত্যাকাণ্ড, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সুশাসনের অভাবে জনগণ বিকল্প হিসেবে এনসিপিকে বেছে নেবে। তবে এতে সংসদে বিরোধী দলীয় জোটের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।”