উকিল সাত্তারের ছেলে নৌকায় ভোট করতে চান
তফসিল অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে ৫ নভেম্বর।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলোচিত রাজনীতিবিদ উকিল আব্দুস সাত্তারের ছেলে মাইনুল হাসান তুষার।
শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
পরে মাইনুল হাসান তুষার সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের পর তা পূরণ করে কিছুক্ষণের মধ্যে জমা দিয়েছি। প্রত্যাশা করছি, শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারব। উনার প্রতি আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ।
“আমার বাবার জীবনের শেষ সময়ে তিনি মূল্যায়ন করেছেন, সম্মান দিয়েছেন। প্রত্যাশা করছি, উনি আমার বাবার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের সুযোগ আমাকে দেবেন।”
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা ৩০ সেপ্টেম্বর মারা গেছেন। মঙ্গলবার আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পাশাপাশি এ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, নির্বাচনের ভোট গ্রহণ হবে ৫ নভেম্বর।
উকিল আব্দুস সাত্তার কুমিল্লা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন। জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে তৎকালীন কুমিল্লা-১ (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া) আসন থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি।
এরপর উকিল আবদুস সাত্তার পঞ্চম (১৯৯১), ষষ্ঠ (১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি), সপ্তম (১৯৯৬ সালের ১২ জুন) এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষে নির্বাচিত হন। আর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ছিলেন দীর্ঘ ২৮ বছর।
২০০১ সালে উকিল আবদুস সাত্তার টেকনোক্র্যাট কোটায় খালেদা জিয়া সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। বিএনপির সেই মেয়াদের বিভিন্ন সময় তিনি চারটি মন্ত্রণালয়ে (আইন, ভূমি, মৎস্য এবং বিদ্যুৎ) দায়িত্ব পালন করেন।
দলীয় সিদ্ধান্তে ২০২২ সালের ১১ ডিসেম্বর উকিল আবদুস সাত্তারসহ বিএনপির ৭ সংসদ সদস্য পদত্যাগ করেন। চলতি বছরের ২ জানুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
পরে ১ ফেব্রুয়ারি নিজের ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন তিনি। বিষয়টি দেশজুড়ে তখন আলোচনা সৃষ্টি করে। এখন বাবার আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চাইছেন তুষার।
সবশেষ শনিবার দুপুর পর্যন্ত এই উপ-নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৪ জন। রোববার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে দলীয় প্রার্থী ঘোষণা করার কথা রয়েছে।
