১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে অন্ধকার থেকে ভেসে আসা কান্না শুনে নবজাতককে উদ্ধার

“পরিচয় না মিললে আমরা চট্টগ্রাম শিশু নিবাসে তাকে হস্তান্তর করবো। আর কেউ নিতে চাইলে আদালতের মাধ্যমে দেওয়া হবে।”

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2025, 01:23 PM

Updated : 10 Sep 2026, 12:38 PM

লক্ষ্মীপুরে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছে শিশুটি। 

শুক্রবার রাতে জেলা শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন  লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা। 

এর আগে শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়৷ 

মিয়া রাস্তা এলাকার বাসিন্দা কামাল মাঝি জানান, “অন্ধকার থেকে হঠাৎ শিশুর কান্না ভেসে আসে। এতে প্রথমে চমকে উঠি। পরে দ্রুত রাস্তার পাশ থেকে শিশুটিকে খুঁজে কোলে নিই।

“আর ফুটফুটে শিশুটিকে দেখতে মানুষজনও জড়ো হতে থাকে। পরে পুলিশের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা কেউই দেখেনি।”

রাতেই শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। খবর পেয়ে সদর ইউএনও জামশেদ আলম রানা হাসপাতালে যান শিশুটির খোঁজ-খবর নিতে। 

সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় জানান, “শিশুটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে তাকে দেখবেন। তারা শিশুটি সম্পর্কে আরও ভালো বলতে পারবেন।”

তবে সদর হাসপাতালের এক নারী জানান, শুক্রবার সকালে শিশুটি সদর হাসপাতালে জন্ম নিয়েছে। তার পাশের বেডেই মাসহ শিশুটি ছিল। কিন্তু সন্ধ্যার পর থেকে আর তাদের দেখা যায়নি। 

তিনি আরও জানান, জন্মের পর থেকেই শিশুটিকে শারিরীকভাবে অসুস্থ দেখা যাচ্ছিল। প্রসূতির কাছ থেকে তার স্বামীর পরিচয় জানতে চাইলেও তিনি বলেননি।

ইউএনও জামসেদ আলম রানা বলেন, হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। সরকারি দায়িত্বে শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

“পরিচয় না মিললে আমরা চট্টগ্রাম শিশু নিবাসে তাকে হস্তান্তর করবো। আর কেউ নিতে চাইলে আদালতের মাধ্যমে দেওয়া হবে।”