সিলেটে ‘জমির বিরোধে প্রতিবেশির লাঠির আঘাতে’ খুন
পুলিশ জানায়, বিরোধপূর্ণ জায়গায় আনারসের চারা লাগাতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এক পর্যায়ে দুপক্ষ মারামারিতে জড়ালে লাঠির আঘাতে মারা যান ওই ব্যক্তি।
সিলেটের জৈন্তাপুরে জমি নিয়ে বিরোধে প্রতিবেশির লাঠির আঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম।
নিহত হাফেজ আব্দুস শাকুর (৬২) উপজেলার দলইপাড়া এলাকার প্রয়াত আব্দুল মালিকের ছেলে।
ওসি তাজুল ইসলাম বলেন, “ওসমানী হাসপাতালে মরদেহটির ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনার নিহত ব্যক্তির পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আব্দুস শাকুরের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশিদের। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলাও চলমান।
শুক্রবার সকালে শাকুর বিরোধপূর্ণ জায়গায় আনারসের চারা লাগাতে গেলে দুই প্রতিবেশি বাধা দেন।
এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়ালে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন শাকুর।
পরে পুলিশ গিয়ে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুস শাকুরকে মৃত ঘোষণা করেন।
