ময়মনসিংহে একাধিক বাড়িঘরে হামলা-ভাঙচুর: পুলিশ বলছে, ‘জমির বিরোধে’
“কমপক্ষে ৫০টি ছেলে অন্তত চারবার হামলা চালায়।”
ময়মনসিংহে রাতের আঁধারে মুখে মাস্ক পরে দফায় দফায় হামলা চালিয়ে অন্তত ১৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, নগরীর হরিকিশোয় রায় সড়কে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত কয়েক দফায় হামলা-ভাঙচুর করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলছেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, এ হামলা কোনো রাজনৈতিক কারণে নয়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটছে।”
এদিকে বাড়িঘরে হামলা-ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, তরুণ বয়সী ছেলেরা মুখে মাস্ক পরে নির্বিচারে বাড়ি-ঘরে হামলা চালাচ্ছে। একটি মোটরসাইকেলও হামলাকারীরা ভাঙচুর করে। এ ঘটনার সময় হরিকিশোর রায় সড়কে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীরা বলছেন, ‘অকারণে’ অন্তত ১৫-২০টি বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে।
হরিকিশোর রায় আরজু মনি বলেন, “আমার দেবর টুটনের ছেলে উমর ফাহাদের বন্ধুদের বাগবিতণ্ডা হয় বাগানবাড়ির ছেলেদের সঙ্গে। এনিয়ে আমাদের এলাকার অন্তত ১৫-২০টি বাড়িতে চার দফা হামলা হয়।”
মালতি ঘোষ নামের এক নারী বলেন, “হামলা শুরু হয় রাত ৮টা থেকে। কমপক্ষে ৫০টি ছেলে অন্তত চারবার হামলা চালায়। আমাদের বাসায় তখন কোনো পুরুষ ছিল না। কার সঙ্গে বিরোধ, তাও জানি না। আমরা হিন্দু মানুষ, কেন আমাদের ওপর এমন হামলা হল?।”
হামলার কারণ হিসেবে ওসি শফিকুল ইসলাম খান বলেন, “হরিকিশোর রায় সড়কে দুটি পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধপূর্ণ জমিতে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল তৈরি নিয়ে এ হামলা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তদন্ত করছে।”
দ্রুতই এ হামলার সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে জানান এ পুলিশ কর্মকর্তা।
