২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বতন্ত্র প্রার্থীর অনুসারীকে মারধরের অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে

আহত ফাহিম কুমিল্লা-৪ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদের অনুসারী বলে জানা গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2023, 08:13 PM

Updated : 14 Dec 2023, 08:21 PM

কুমিল্লা-৪ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কর্মী এক ছাত্রলীগ নেতার ওপর হামলা হয়েছে। এ ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে।

দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর বাসস্ট্যান্ডে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে আহত ফাহিম খানের চাচাতো ভাই মো. শামীম খান অভিযোগ করেছেন।

২২ বছর বয়সী ফাহিম একই উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের মো. ফরিদ খানের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক। তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাহিম কুমিল্লা-৪ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদের অনুসারী বলে জানা গেছে।

ফাহিমের চাচাতো ভাই শামীম বলেন, “আমার ভাই কুমিল্লা শহর থেকে এসে বাগুর বাসস্ট্যান্ডে নামে। সেখান থেকে বাড়ি যাওয়ার পথে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী ‘স্বতন্ত্র প্রার্থীর কর্মী’- চিৎকার দিয়ে লাঠি, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে ফাহিমকে ধাওয়া করে।

“এ সময় ফাহিম দৌড় দিলেও পালাতে পারেনি। তাকে ধরে এলোপাতাড়ি পেটানো হয়। এক পর্যায়ে তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আমরা দেবিদ্বার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”

চিকিৎসকদের বরাতে শামীম আরও বলেন, “ফাহিমের শরীরের একাধিক জায়গায় গুরুতর জখম হয়েছে। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল; তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।”

এ প্রসঙ্গে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “নৌকার প্রার্থীরা প্রতিনিয়ত এভাবে হামলা চালিয়ে যাচ্ছে।”

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার কুমিল্লা-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অনুসারী।

পুরনো খবর:

কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীকে হুমকি দেওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতাকে শোকজ
`কম্পিটিশন তো দূরের কথা পারলে সামনে দাঁড়া’, স্বতন্ত্র প্রার্থীকে স্বেচ্ছাসেবক লীগ নেতার হুমকি

অভিযোগের বিষয়ে জানতে তার সঙ্গে একাধিকার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।