সংসদ নির্বাচন সংবিধান মেনে: আইনমন্ত্রী
মন্ত্রী বলেন, একটা গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে।
সংবিধানের বাইরে গিয়ে জাতীয় সংসদ নির্বাচনের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
এর আগে আইনমন্ত্রী সকাল সোয়া ১০টার ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়া স্টেশনে পৌঁছান। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংগসংঠনের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আনিসুল হক বলেন, “বাংলাদেশে একটা সংবিধান আছে…. সংবিধানে জাতীয় নির্বাচন কীভাবে হবে তা সম্পূর্ণভাবে লেখা আছে। বাংলাদেশে এর পরের জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, “একটা গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকারের কোনো আপত্তি নেই।
“তার কারণ, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছি।”
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক তাকজিল খলিফা এ সময় উপস্থিত ছিলেন।
