গাজীপুরে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষ: নানি-নাতনি নিহত
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে বাছিরন, নুসরাত ও বাবুল মিয়া ছিটকে সড়কে পড়ে যান।
গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নানি ও নাতনি নিহত হয়েছেন; মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।
মাওনা পুলিশ ফাঁড়ির এসআই মো. খোরশেদ আলম জানান, বুধবার বিকালে উপজেলার বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা গ্রামের চুক্কাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হয়েছেন বদনীভাঙ্গা গ্রামের মজমের চালার মৃত আব্দুস ছোবহানের স্ত্রী বাছিরন (৫০) ও তার নাতনি উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত (৭)।
আহত মোটরসাইকেল চালক বাবুল মিয়াকে (৩০) উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এসআই খোরশেদ আলম জানান, বিকাল সাড়ে ৫টার দিকে একটি ট্রাক জ্বালানি কাঠ বোঝাই করে বদনীভাঙ্গা গ্রামের বেতঝুড়ি থেকে বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কে ধরে গাজীপুর বাজারের দিকে যাচ্ছিল।
“বদনীভাঙ্গা চুক্কাবাড়ি এলাকায় বিপরীত দিকে থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়।”
খোরশেদ জানান, মোটরসাইকেলে থাকা বাছিরন, নুসরাত ও বাবুল মিয়া ছিটকে সড়কে পড়ে যান। বাছিরন ঘটনাস্থলে ও নুসরাত হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে।
