২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল-মানববন্ধন

তারা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনের সমর্থক।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 06:47 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও মানববন্ধন করেছেন নেতাকর্মীদের একাংশ। 

শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

শুক্রবার রাতে উল্লাপাড়া উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। তারা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও মনোনয়ন বঞ্চিত আজাদ হোসেনের সমর্থক। 

সম্প্রতি বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে সিরাজগঞ্জ-৪ আসনে সাবেক সংসদ সদস্য এম আকবর আলীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরপর থেকেই আজাদ হোসেনের সমর্থকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।  

মানববন্ধনে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল শিপলু, উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আউলিয়া, জেলা যুবদল নেতা আকরাম হোসেন ওয়ারেস ও উপজেলা যুবদলের সদস্যসচিব নিক্সন আমিন। 

উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, “আজাদ হোসেনসহ অন্যান্য প্রার্থীরা দীর্ঘ ১৬ বছর মাঠে থেকে রাজনীতি করেছেন। আজাদ হোসেনের বিরুদ্ধে ১৬ বছর মামলা হয়েছে ৪১টি। তিনি বহুবার জেল খেটেছেন। দলের দুঃসময়ে প্রতিটি নেতাকর্মীর পাশে থাকায় জনপ্রিয়তার দিকে তিনিই শীর্ষ অবস্থানে রয়েছেন। আজাদ হোসেন অথবা ত্যাগী অন্য কোনো নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি করছি।”

উপজেলা যুবদলের সদস্যসচিব নিক্সন আমিন বলেন, “নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করে এতদিন উল্লাপাড়ার রাজনীতি সক্রিয় রেখেছিল। কিন্তু ত্যাগী কোনো নেতা মনোনয়ন না পাওয়ায় নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এখানে অন্য কাউকে মনোনয়নের দাবি জানাই।”

একই কথা বলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেসাদ করিম নয়ন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মন্তাজ আলী, জেলা স্বেচ্ছাবেক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবলু।

উপজেলা তাঁতী দলের সভাপতি ইউসুফ আলী বলেন, “যিনি মনোনয়ন পেয়েছেন তিনি এখনো তাঁতী দলকে নির্বাচনি মাঠে নামার জন্য ডাকেননি। এ কারণে আমরা নিষ্ক্রিয় হয়ে বসে আছি। আর ডাকবেই বা কেন? তিনি তো ১৬ বছর মাঠে ছিলেন না। তাই ত্যাগী নেতাকর্মীদের তিনি চেনেন না। এ জন্য আমরা তাঁতী দলের পক্ষ থেকে প্রার্থীর পরিবর্তন চাই।”

বিএনপি নেতা আজাদ হোসেন বলেন, “১৬ বছর মাঠ থেকে দূরে থাকা একজনকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীরা হতাশ। এই আসনে জিততে হলে প্রার্থী পরিবর্তন করতে হবে।”