২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ঢুকে নারীকে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ওই নারী ভারতীয় সীমান্তের কাছে বাংলাদেশের ভেতরে কাপড় শুকাতে গেলে এক বিএসএফ সদস্য তাকে টানা-হেঁচড়া শুরু করে।

লালমনিরহাট প্রতিনিধি

Published : 05 Dec 2023, 08:12 PM

Updated : 05 Dec 2023, 08:12 PM

লালমনিরহাটের বাংলাদেশ সীমান্তে ঢুকে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের সদস্য ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সামছুল আলম জানান।

তিনি বলেন, “বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এক বৃদ্ধা নারীকে মারধর ও ফাঁকা রাবার বুলেট ছোড়ে বিএসএফ। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।”

পকেট সীমান্ত এলাকার বাসিন্দা নূরল ইসলাম বলেন, “মঙ্গলবার দুপুরে ওই নারী ভারতীয় সীমান্তের কাছে বাংলাদেশের ভেতরে কাপড় শুকাতে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার শিতলকুচি এলাকার ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের এক সদস্য বাংলাদেশের অংশে ঢুকে ওই নারীকে টানা হেঁচড়া শুরু করে এবং এক পর্যায়ে তাকে মারধর করে।

“এ সময় স্থানীয়রা তাকে আটকাতে গেলে আরও কয়েকজন বিএসএফ সদস্য সেখানে ঢুকে আবাদি জমি নষ্ট, জমির বেড়া ভাঙচুর করে ও ফাঁকা গুলি ছোড়ে। পরে খবর পেয়ে বিজিবি সিঙ্গিমারী ক্যাম্পের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

ঘটনার বর্ণনায় ভুক্তভোগী নারী বলেন, “আমি বাংলাদেশের অংশে কাপড় শুকাচ্ছিলাম। এ সময় একজন বিএসএফ সদস্যকে আমার পেছনে দৌড়ে আসতে দেখি। তাকে দেখে আমিও দৌড় দেই। কিন্ত সে আমাকে ধরে ফেলে টানা-হেঁছড়া শুরু করে এবং এক পর্যায়ে মারধর করে। আমার চিৎকার শুনে লোকজন ছুটে আসলে তারা ফাঁকা গুলি করে।”

সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, “মারধর হয়েছে কি-না জানি না। তবে একটা ঝামেলা হয়েছিলো। সেখানে বিএসএফ ফাঁকা গুলি করেছে।”

বিজিবি-৬১ তিস্তা ব্যাটলিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, বিষয়টি জানার পর প্রতিবাদ জানানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করতে এবং বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে।

সিঙ্গিমারী বিজিবি ক্যাম্পের ইনচার্জ নাসির হোসেন বলেন, এ ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।