বাংলামোটরে যুবকের মাথায় আঘাত, ফাঁকা গুলি
পুলিশ বলেছে, ঘটনার পরে স্থানীয় লোকজন সাইমনের বাইক ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।
ঢাকার হাতিরঝিলে 'পূর্ব বিরোধের জেরে' এক যুবককে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বাংলামোটর মোড়ের পুরাতন পাম্পের গলিতে এ ঘটনা ঘটে বলে হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
ওসি জানান, আহত যুবকের নাম সোহাগ। আর মারধর করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক (বহিষ্কৃত) ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছেন বলেও ওসির ভাষ্য।
আহত সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান।
তিনি বলেন, পূর্ব বিরোধের জেরে সোহাগের সঙ্গে সাইমনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাইমন সোহাগের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হন। পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে চলে যান। সোহাগের বাড়ি নিউ ইস্কাটন এলাকায়।
হাতিরঝিল থানা পুলিশ বলছে, ঘটনার পরে স্থানীয় লোকজন সাইমনের বাইক আটক করে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে।
সোহাগ বলেন, সাইমন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
