Published : 13 Feb 2023, 06:33 PM
নাটোরের লালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ছাড়া শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন।
রোববার রাত থেকে সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লালপুরের আজিমনগর রেলওয়ে স্টেশন, বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া, আড়বাব ইউনিয়নের হাসবাড়িয়া এবং উপজেলার লক্ষীপুর এলাকায় এসব ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মিহির রঞ্জন দেব।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা উপজেলার মহিষাখোলা গ্রামের প্রয়াত সোবহানের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মিহির রঞ্জন দেব বলেন, রাবেয়া বেগম তার নাতনির সঙ্গে আজিমনগর রেলস্টেশন সংলগ্ন মাদ্রাসায় ইসলামি জলসা শুনতে গিয়েছিলেন। জলসা শেষে বৃদ্ধাকে রেখে তার নাতনি বাড়ি ফিরে যায়। বৃদ্ধা কানেও কম শুনতেন। রাতে রেললাইন ধরে বাড়ি ফেরার সময় পেছন থেকে আসা ট্রেনে তিনি কাটা পড়েন।
নিহতের পবিবার ও স্বজনদের আবেদনের পরিপ্রক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বৃদ্ধার লাশ হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
এদিকে, লালপুরে মাটি বহনকারী ট্রাক্টর থেকে পড়ে চালকের সহকারী ফরহাদ আলী (১৫) নামে এক কিশোর এবং ইটবোঝাই ট্রলির (পাওয়ার টিলার) ধাক্কায় সম্মাতুল বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার ভোরে ও দুপুর ১২টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউপির মোহরকয়া ও আড়বাব ইউপির হাসবাড়িয়া এলাকায় ঘটনা দুটি ঘটে লালপুর থানার ওসি মো. মোনোয়ারুজ্জামান জানান।
নিহত ফরহাদ আলী লালপুরের বিলমাড়িয়া মোহরকয়া এলাকার আজিত মোল্লার ছেলে এবং সম্মাতুল বেগম আড়বাব ইউপির হাসবাড়িয়া গ্রামের বাবলু হোসেনের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোনোয়ারুজ্জামান বলেন, ভোরে উপজেলার মহরকয়া গ্ৰামের ঝাওতলা এলাকায় কাজে যাওয়ার সময় চলন্ত ট্টাক্টরের উপর থেকে চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই মারা যান ফরহাদ আলী।
ওসি আরও জানান, উপজেলার হাসবাড়িয়া এলাকায় ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সম্মতুল বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
মোনোয়ারুজ্জামান আরও বলেন, “এসব ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে।“
অপরদিকে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লালপুরের লক্ষীপুর এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহতরা হলেন- উপজেলার মাধবপুরের ফারুকের স্ত্রী বিউটি (৩০), তার মেয়ে দৃষ্টি (৫) এবং কুষ্টিয়া সদরের আলাউদ্দিনের ছেলে আজিম (৫০)।