ঝিনাইদহে আলমসাধু চালককে হত্যায় ৩ জনের যাবজ্জীবন
২০১৩ সালের ২৮ জুন রাতে আজাদকে হত্যা করে তার আলমসাধু নিয়ে আসামিরা পালিয়ে যান বলে জানান পিপি।
ঝিনাইদহ সদর উপজেলায় আলমসাধু চালককে হত্যার এক দশক পর তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ঝিনাইদহ জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ইসমাইল হোসেন বাদশা জানান।
দণ্ডিতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের হাজের উদ্দিনের ছেলে টোকন মিয়া, দোগাছী গ্রামের প্রয়াত নান্নু বিশ্বাসের ছেলে তাহিদুর রহমান তাহিদ ও যশোর কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের নওশের আলী সরদারের ছেলে শুকুর আলী সরদার। তাদের মধ্যে শুকুর আলী পলাতক রয়েছেন।
নিহত আলমসাধু চালক আজাদ হোসেন সদর উপজেলার বয়েড়াতলা গ্রামের মকর আলী মণ্ডলের ছেলে।
মামলার বরাতে পিপি ইসমাইল বলেন, ২০১৩ সালের ২৮ জুন রাতে আজাদের আলমসাধু ভাড়া করেন আসামিরা। পরে পোড়াহাটির ১০ নম্বর এলাকায় নিয়ে আমজাদকে গলাকেটে হত্যা করে ঝোপের মাঝে ফেলে তার আলমসাধু নিয়ে পালিয়ে যান তারা।
ঘটনার আট দিন পর ৫ জুলাই আমজাদের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।
পিপি আরও জানান, মামলার কয়েকদিন পর ছিনতাই হওয়া আলমসাধুসহ যশোর থেকে শুকুর আলীকে আটক করে র্যাব। পরে শুকুর আলী ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ জানুয়ারি তিন জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
সাক্ষ্যগ্রহণ শেষে তিন আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছর কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি।
