১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ ইটভাটা শ্রমিকের মৃত্যু

কাজের ফাঁকে বিশ্রাম নেওয়ার জন্য ভাটার পাশে একটি ঘরে হেলান দিলে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন; তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও জড়িয়ে যান।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 03:23 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

লক্ষ্মীপুর সদর উপজেলায় ইটভাটার একটি ঘরের পাশে বিশ্রাম নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকার ‘এন বি সি’ ইটভাটায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা চিকিৎসক দোলন আক্তার।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের চরভূতা গ্রামের মো. সেলিমের ছেলে রুবেল হোসেন (৩০) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে মো. আলাউদ্দিন (৩৫)। তারা ইটভাটায় দৈনিক বেতনে শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ইটভাটায় একটি পরিত্যক্ত টিনের ঘর রয়েছে। ধারণা করা হচ্ছে সম্প্রতি ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে ঘরটির ওপর পড়ে সেটি বিদ্যুতায়িত ছিল। ঘটনার সময় কাজের ফাঁকে রুবেল ও আলাউদ্দিন বিশ্রাম নেওয়ার জন্য ঘরটির বিপরীত পাশে ছায়ায় গিয়ে বসেন। 

সেখানে তারা ধুমপানও করেন। ঘামে ভেজা শরীর নিয়ে একজন ঘরটিতে হেলান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও বিদ্যুতায়িত হন। তাদেরকে দেখে আরেকজন বাঁচাতে গিয়ে বৈদ্যুতের শক্ট লেগে সরে যান। 

পরে অন্যদের সহায়তায় দুইজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দোলন আক্তার বলেন, দুই শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের লাশ হাসপাতালে রয়েছে।