চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার
টহল দলের সদস্যরা ধাওয়া করলে একটি ব্যাগ ফেলে পালিয়ে যান এক ব্যক্তি।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
রোববার ভোর রাতে চামুচা সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চামুচা বিওপির একটি টহল দল চামুচা মাঠে ওঁত পেতে থাকে। পরে রোববার ভোর রাত পৌনে ৩টার দিকে সীমান্তের ১৯৬/৫ এস পিলার থেকে ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে এক ‘চোরাকারবারী’কে চামুচা মাঠে প্রবেশ করতে দেখা যায়।
টহল দলের সদস্যরা তাকে ধাওয়া করলে তিনি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান।
পরে ওই ব্যাগটি তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান বিজিবি অধিনায়ক কিবরিয়া।
