২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকও সরলেন

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনকে ঢাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে যোগ দিতে বলা হয়েছে।

বগুড়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকও সরলেন

রাবেয়া খাতুন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 10:40 PM

Updated : 09 Apr 2023, 10:40 PM

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মাকে বিচারকের পা ধরে ক্ষমা চাইতে ‘বাধ্য করার’ ঘটনায় বিচারকের পর এবার প্রধান শিক্ষিকাকে বদলি করা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দুর্গা রানী সিকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনকে ঢাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত বিশেষ কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিতে বলা হয়েছে।

এর আগে গত ১৮ মার্চ বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াসমিনকে এই জেলা থেকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

ওই সময় আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার ঘটনার উল্লেখ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাম্প্রতিক একটি ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত [রুবাইয়া ইয়াসমিনকে বদলি] নিয়েছে।

এই ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যে বগুড়া সদর থানার ওসি (অপারেশন) মো. মুন্নাফকে বগুড়ার সোনাতলা থানায় বদলি করা হয়েছে, যদিও এর সঙ্গে এই বদলির কোনো সম্পর্ক নেই বলে দাবি পুলিশের।

রুবাইয়া ইয়াসমিনের মেয়ে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ২০ মার্চ রুবাইয়ার মেয়ে ক্লাস পরিচ্ছন্নতার কাজ না করায় তার সঙ্গে সহপাঠীদের তর্কাতর্কি হয়। সেই ঘটনার জের ধরে পরদিন দুই শিক্ষার্থীর অভিভাবককে ডেকে এনে তার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন বিচারক রুবাইয়া।

এর প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তার পরিপ্রেক্ষিতে পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

তিনি বলেছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিষয়ে জেলা জজ ব্যবস্থা নেবেন।

এ ঘটনা তদন্তে ২৩ মার্চ জেলা প্রশাসক তিন সদস্যের কমিটি করেন এবং তাদের ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন। ওই দিনই অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াসমিনকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

এ ঘটনার তদন্ত কার্যক্রম চলার মধ্যে ২১ মার্চের অভিভাবককে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করার একটি অডিও ফেইসবুকে ফাঁস হয়। এ নিয়ে এখন শহরজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

আরও পড়ুন

পুরনো খবর:

বগুড়া সরকারি স্কুলের সেই ঘটনার তদন্ত শুরু, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ
সেই বিচারককে সরানো হল বগুড়া থেকে
বগুড়ায় বিচারকের পর গেলেন ওসি, পুলিশ বলছে ‘নিয়মিত বদলি’
বিচারকের বিরুদ্ধে অভিভাবককে পা ধরতে বাধ্য করার অভিযোগ
বগুড়া বালিকা বিদ্যালয়ের সেই ঘটনার তদন্ত ‘প্রায় শেষের দিকে’