২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুল-আব্বাস 'প্রতিহিংসার রাজনীতির' শিকার: নজরুল

নীলফামারীর সৈয়দপুরে জেলা বিএনপি আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল-আব্বাস 'প্রতিহিংসার রাজনীতির' শিকার: নজরুল

নীলফামারীর সৈয়দপুরে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2023, 11:23 PM

Updated : 04 Jan 2023, 11:25 PM

আওয়ামী লীগ সরকার প্রতিহিংসার রাজনীতি চালু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ সময় তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের প্রসঙ্গ টেনে বলেন, “হাই কোর্ট তাদের জামিন দিল। কিন্ত চেম্বার জজ আদালত সেই জামিন স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ব্রেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। এটা প্রতিহিংসার রাজনীতি ছাড়া আর কিছুই না।”

বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা বিষয়ে বুধবার রাতে নীলফামারীর সৈয়দপুরে জেলা বিএনপি আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল ও মির্জা আব্বাসের জামিনের আবেদন বিচারিক আদালতে বারবার নাকচ হয়েছে। পরে হাই কোর্ট থেকে তারা জামিন পান। তবে সেই জামিন আটকাতে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে আপিল বিভাগে, তার শুনানি হবে রোববার।

যদিও বিএনপির এই ধরনের অভিযোগ প্রসঙ্গে বুধবারই আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এটা অহরহ হয়ে থাকে যে নিম্ন আদালত জামিন দেননি, উচ্চ আদালত জামিন দিয়েছেন। আবার এমনও হয়, নিম্ন আদালত জামিন দিয়েছেন, উচ্চ আদালত সেখানে হস্তক্ষেপ করে তা আটকে দিয়েছেন। এটা নতুন কিছু না বাংলাদেশে। এটা নিয়ে যারা অভিযোগ করছেন, তারা হয়ত জাতীয় পার্টি-বিএনপির আমল দেখেননি বা দেখলেও তারা সেইসব অভিজ্ঞতার কথা এখন বলতে চান না।”

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ্য করে নজরুল ইসলাম খান আরও বলেন, “আমরা চাই বর্তমান অবৈধ সংসদ বাতিলসহ আজ যে অগণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করছে তারা পদত্যাগ করুক এবং নির্দলীয় ও নিরপেক্ষ একটি সরকারের অধীনে নির্বাচন হোক।”

“বর্তমানে আওয়ামী লীগ দেশে যে বিভেদের রাজনীতি আর প্রতিহিংসার রাজনীতি চালু করেছে। আমরা এই রাজনীতির অবসান চাই, সমাপ্তি চাই।”

এ সময় ১০ দফা দাবি প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা জনগণের কল্যাণে দেশের উন্নয়নের লক্ষ্যে কী করবো বা কী করতে চাই এ সর্ম্পকে একটা মোটামুটি ধারণা দেওয়ার জন্য এই রূপরেখা ঘোষণা করেছি। এটি সম্পূর্ণ না। আমরা তৃণমূলের মতামত গ্রহণ করছি। তাদের মতামতের ভিত্তিতে সেই রূপরেখা চূড়ান্ত করা হবে।”

জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য বিলকিস ইসলাম।