২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউপি চেয়ারম্যানের নাম মুছে ফেলার হুমকি’, এমপি ফরহাদকে তলব

সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে তাকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয় নির্বাচনি অনুসন্ধান কমিটি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 06:27 PM

Updated : 24 Dec 2023, 06:27 PM

নির্বাচনি জনসভায় এক ইউপি চেয়ারম্যানের নাম মুছে ফেলার হুমকি দেওয়ায় অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আওয়ামী লীগের প্রার্থীকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনের নাম মুছে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেনের বিরুদ্ধে।

রোববার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী জজ ও অনুসন্ধান কমিটির প্রধান মোহাম্মদ রেজাউল হক স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।  

ওই নোটিশে বলা হয়, সোমবার বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেনকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে ইউপি চেয়ারম্যানের নাম মুছে ফেলার হুমকি দেওয়ার ঘটনাটি শনিবার সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নির্বাচনি অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়েছে।

সংবাদে উল্লিখিত বক্তব্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৭ (১) অনুচ্ছেদ ও সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ বিধির সুস্পষ্ট লঙ্ঘন মর্মে কমিটির কাছে প্রতীয়মান হয়।

এ অবস্থায় ফরহাদ হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কোনো নির্বাচন কমিশনকে সুপারিশ করা হবে না- তা সোমবার বিকাল ৫টার মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে কুণ্ডা ইউনিয়নের কুণ্ডা উচ্চ বিদ্যালয় মাঠে হওয়া নির্বাচনি জনসভায় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনের নাম মুছে ফেলার ঘোষণা দেন এমপি ফরহাদ হোসেন।

ওই জনসভার ৬ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

এতে সংসদ সদস্য ফরহাদ হোসেনকে বলতে দেখা যায়, “নাম বলতেও আমার লজ্জা লাগে। নিজেকেই আমার প্রশ্ন করতে ইচ্ছা করে, আমি কি মানুষ এত কম চিনলাম। আমি কীভাবে মানুষ চিনলাম। আমি নাম ধরেই বলছি। নাসির (ইউপি চেয়ারম্যান) আপনাদের নির্বাচিত চেয়ারম্যান। আমি খুব অবাক হয়ে গেছি। আগেরদিন আমার সঙ্গে সে মিছিল করেছে নৌকার। হঠাৎ কী হল? আমি তো জানতাম নাসির, তোমার ভাইয়েরা শিক্ষিত।

“তুমি একজন শিক্ষিত পরিবারের সন্তান। এত কথা, কাজের অমিল। কিন্তু তুমি মনে রেখো, তুমি খালি কুণ্ডাবাসী না, এই নাসিরনগর থেকে তোমার নাম মুছে যাবে। আমি আজকে বলে দিয়ে গেলাম। নড়চড় মানুষকে কেউ পছন্দ করে না। এটা আমি বলছি এবং নাসিরের বড় ভাইদেরকে বলছি, আপনারা যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নেও গুড়েবালি। আপনাদেরকে নিয়েও মানুষ কথা বলবে।”

নাসির উদ্দিনকে উদ্দেশ করে ফরহাদ হোসেন আরও বলেন, “তোমার বক্তব্য থাকতে পারে। আমি তো তোমাকে ডাকিনি। তুমিই এসেছিলে। তুমি স্বতন্ত্র হয়ে নির্বাচন করেছিলা ভালো কথা। আমি বলেছিলাম তুমি কাজ কর। তোমাকে সব ধরনের সহযোগিতা করা হবে। এর মানে এই নয়, তুমি নৌকায় উঠে নৌকার পিঠে ছুরি মারবা। তুমি বোকার স্বর্গে বাস করছ নাসির।”

এ বিষয়ে সংসদ সদস্য ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। ওই বক্তৃতা ভিডিও রেকর্ড আমার কাছে আছে।”

এ বিষয়ে কুন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তিনি নিরাপত্তাহীনতার মধ্যে আছেন।